ভারতীয় শিল্পপতিদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতায় অনুষ্ঠিত এক বৈঠকে ভারতীয় শিল্পপতিদের বাংলাদেশের শিল্প খাতে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে।বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী জি এম কাদের শুক্রবার কলকাতাভিত্তিক বেঙ্গল চেম্বার অব কমার্সের (বিসিআই) ১৫৮তম বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে এসে এ আহ্বান জানান।ভারতীয় শিল্পপতিদের উদ্দেশে জি এম কাদের বলেন, ‘বাংলাদেশ এখন বিনিয়োগবান্ধব দেশ। পৃথিবীর কোনো দেশে বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের মতো এত সুযোগ-সুবিধা নেই। বাংলাদেশে সস্তায় বিদ্যুৎ, গ্যাস ও শ্রম মিলবে। আরও সরকার বিনিয়োগকারীদের সর্বাত্মক সহযোগিতা দেবে।’বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী আমদানি-রপ্তানি বাণিজ্যে বিভিন্ন শুল্ক ও অশুল্ক বাধার বিভিন্ন দিক তুলে ধরে সেগুলো দূর করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান। জি এম কাদের আরও বলেন, ‘বাংলাদেশে এবার ইলিশ মাছের উৎপাদন কম হওয়ায় ভারতসহ পৃথিবীর কোনো দেশে তা রপ্তানি করা যায়নি।’ ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িক। ইলিশের উৎপাদন বাড়লে রপ্তানির বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।’কলকাতার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, ‘তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পাদনের বিষয়ে বাংলাদেশ এখনো আশাবাদী। ভারতের প্রধনামন্ত্রী বাংলাদেশ সফরে গিয়ে তিস্তা চুক্তি সম্পাদনের ব্যাপারে বাংলাদেশকে আশ্বস্ত করেছিলেন। তাই আমরা মনে করি, এই চুক্তি হবেই।’ এ সময় ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য উন্নয়নবিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবন সিং ঘাটোয়ার, পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বিসিআইয়ের নেতারা উপস্থিত ছিলেন।