ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তায় আখাউড়া স্থলবন্দরে বাণিজ্য বন্ধ
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের নিরাপত্তার জন্য সেই দেশের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার আগরতলা ও বাংলাদেশের আখাউড়া স্থলবন্দর দিয়ে গতকাল বুধবার থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম এক সপ্তাহের জন্য বন্ধ হয়ে গেছে।জানা গেছে, পি চিদাম্বরম ১৭ মে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় যাবেন। এ সময় তিনি আগরতলা স্থলবন্দর এলাকায় এক অনুষ্ঠানে যোগ দেবেন। সে জন্য তাঁর নিরাপত্তায় আগাম পদক্ষেপ হিসেবে আগরতলা-আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ করা হয়, যা ১৭ মে পর্যন্ত চলবে।প্রসঙ্গত, আগরতলা-আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যে প্রতিদিন শতাধিক ট্রাকযোগে বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি হয়।আগরতলার আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীরা গত মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের নিরাপত্তার জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বাংলাদেশের ব্যবসায়ীদের লিখিতভাবে জানানো হয়েছে।এ ছাড়া আগরতলার শুল্ক বিভাগও আখাউড়া শুল্ক বিভাগকে এ ব্যাপারে একটি চিঠি দিয়েছে।আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মো. সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আগরতলা আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক মনিষ বিশ্বাস স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তার জন্য ১১ থেকে ১৭ মে পর্যন্ত এই সীমান্ত দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।’ আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা (এলসিও) মো. আবুল বাশার চৌধুরী প্রথম আলোকে জানান, গতকাল বুধবার সকাল থেকে এই স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।তবে ত্রিপুরা রাজ্যের পালাটানায় বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ভারী যন্ত্রাংশবাহী তিনটি ট্রেইলার গতকাল বুধবার আখাউড়া স্থলবন্দর দিয়ে সেই দেশে গেছে।