ভারতীয়দের বাংলাদেশ ভ্রমণের আহ্বান
বাংলাদেশ ভ্রমণের জন্য ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের ভ্রমণপিপাসু মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিভিন্ন ট্যুর অপারেটর্স বা ভ্রমণ আয়োজনকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা।কলকাতার একটি হোটেলে গত শনিবার অনুষ্ঠিত এক বৈঠকে এ আহ্বান জানানো হয়। বৈঠকে বাংলাদেশের ২০টি ও কলকাতার ৪০টি ভ্রমণ আয়োজনকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা যোগ দেন। এতে বাংলাদেশের পর্যটনমন্ত্রী ফারুক খান প্রধান অতিথি ও পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী রচপাল সিং সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন।বৈঠকে অন্যান্যের মধ্যে যোগ দেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান, বিএফটিডির নির্বাহী পরিচালক রেজাউল একরাম। বাংলাদেশের পর্যটনশিল্পকে ভারতীয়দের কাছে তুলে ধরতে গত বৃহস্পতিবার থেকে কলকাতায় তিন দিনব্যাপী এক রোড শোর আয়োজন করা হয়, যা গত শনিবার শেষ হয়েছে। কলকাতার ইন্দো-বাংলাদেশ কালচারাল সেন্টারের সহযোগিতায় বাংলাদেশ ফাউন্ডেশন ফর টুরিজম ডেভেলপমেন্ট এই রোড শোর আয়োজন করে।