ভারতীয়দের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের জ্বালানি ও অবকাঠামো খাতে ভারতীয় ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন দেশের দুই ব্যবসায়ী সংগঠনের নেতারা। ভারতীয় ব্যবসায়ীদের উদ্দেশে তাঁরা বলেছেন, অবকাঠামো উন্নয়নে বাংলাদেশে প্রচুর বিনিয়োগ দরকার। এ জন্য সরকার সব ধরনের সহায়তাও দিচ্ছে।
সফররত ইন্ডিয়ান মুসলিম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইএমসিসিআই) সঙ্গে আলাদা দুই বৈঠকে এ আহ্বান জানান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নেতারা। দুই সংগঠনের দুই বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এফবিসিসিআইয়ের সঙ্গে মুসলিম চেম্বারের বৈঠকটি রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে ও ডিসিসিআইয়ের সঙ্গে বৈঠকটি মতিঝিলে ডিসিসিআইয়ের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যাপক সুযোগ-সুবিধা প্রদান করছে।
ডিসিসিআইয়ের সভাপতি আবুল কাশেম খান বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে বিশ্বের ৩০তম বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হতে হলে সড়ক, রেল, গভীর সমুদ্রবন্দর নির্মাণে বিপুল বিনিয়োগ প্রয়োজন।
দুই বৈঠকে ভারতের মুসলিম চেম্বারের নেতৃত্ব দেন সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ দাউদ খান। এফবিসিসিআইয়ের সঙ্গে বৈঠকে তিনি বলেন, নিকটতম প্রতিবেশী হওয়ায় তাঁরা বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে বিশেষভাবে আগ্রহী।