ভারতে অন্তর্বর্তী বাজেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি ভারতে ২০১৪-১৫ অর্থবছরের অন্তর্বর্তী বাজেটে ছোট গাড়ি ও মুঠোফোনের ওপর পরোক্ষ কর কমানো হয়েছে।
অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর লক্ষ্যে অর্থমন্ত্রী পালানিয়াপ্পন চিদাম্বরম গাড়ি ও মুঠোফোন খাতে কর কমানোর প্রস্তাব দিয়েছেন। চলতি বছরে দেশটিতে সাধারণ নির্বাচন থাকায় চিদাম্বরম আপাতত অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছেন।
চিদাম্বরম চলতি ২০১৩-১৪ অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির হার ৪ দশমিক ৬ শতাংশ হবে বলে জানিয়েছেন। ৩১ মার্চ অর্থবছর শেষ হবে।
এর আগে অবশ্য বর্তমান অর্থবছর শেষে জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ৮ শতাংশে প্রাক্কলন করেছিল কংগ্রেসের নেতৃত্বাধীন প্রগতিশীল মোর্চা বা ইউপিএ সরকার।
খাদ্যনিরাপত্তা, দারিদ্র্য বিমোচন, যুব, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়কে গুরুত্ব দিয়ে এসব খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। একই সঙ্গে ২০০৯ সালের আগে যেসব শিক্ষার্থী ঋণ নিয়ে পরিশোধ করতে পারেননি, তাঁদের সহায়তায় দুই হাজার ৬০০ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে।
চিদাম্বরম চলতি ২০১৪ অর্থবছরের বাজেটে রাজস্ব ঘাটতির হার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪ দশমিক ৬ শতাংশে নির্ধারণ করেছেন। এ হার আগামী ২০১৫ অর্থবছরে খানিকটা কমে ৪ দশমিক ১ শতাংশে নেমে আসবে। এ ছাড়া অর্থবছর শেষে চলতি হিসাবে ঘাটতির পরিমাণ সাড়ে চার হাজার কোটি মার্কিন ডলারে নেমে আসবে বলে তিনি উল্লেখ করেন, যা আগের বছর শেষে ছিল আট হাজার ৮০০ কোটি ডলার।
নতুন বাজেটে কয়েকটি পণ্য আমদানির ক্ষেত্রে আবগারি শুল্কহার কমানো হয়েছে। এর মধ্যে ভোগ্যপণ্য ও মূলধনী যন্ত্রপাতিতে ১২ থেকে কমিয়ে ১০ শতাংশ ও ছোট গাড়িতে ১২ থেকে ৮ শতাংশ করা হয়েছে। আর বড় ও মাঝারি গাড়ির ক্ষেত্রে আবগারি শুল্কহার কমিয়ে আনা হয়েছে ২০ শতাংশে। এ ছাড়া সরকারি খাতের ব্যাংকগুলোর জন্য ১১ হাজার ২০০ কোটি রুপির মূলধন জোগান দেওয়া হবে।
সূত্র: বিবিসি, বিজনেস স্ট্যান্ডার্ড ও বিজনেস লাইন।