ইন্দোনেশিয়াসহ সুপারি উৎপাদক বড় দেশগুলোর সুপারি বাংলাদেশ হয়ে ভারতে যাচ্ছে
ভারতে অবৈধভাবে সুপারি রপ্তানি হচ্ছে!
সরকারি তথ্য অনুযায়ী, ২০১১-১২ অর্থবছরে বাংলাদেশ থেকে সুপারি রপ্তানি হয়েছে মাত্র ছয় হাজার ৭৪২ টন। তা-ও হয়েছে ভারত, ভিয়েতনাম, যুক্তরাজ্য ও সৌদি আরবে।তবে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই অর্থবছরে (ভারতের অর্থবছর এপ্রিল-মার্চ সময়কাল ধরে) বাংলাদেশ থেকে ভারত ৫৪ হাজার ৭৮৬ টন সুপারি আমদানি করেছে।ভারতের এই তথ্য সঠিক হলে ওই অর্থবছরে বাংলাদেশ থেকে অন্তত ৪৮ হাজার টন সুপারি অবৈধভাবে শুধু ভারতেই রপ্তানি হয়েছে, যার কোনো তথ্য সরকারের কাছে নেই।এ দেশে যে দামে সুপারি বিক্রি হয়, তার অর্ধেক দামে পার্শ্ববর্তী দেশ ভারতসহ কয়েকটি দেশে সুপারি রপ্তানি করা হচ্ছে—এমন অভিযোগের সত্যতা পেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে প্রধান আমদানি-রপ্তনি নিয়ন্ত্রকের কার্যালয় গত বছরের ১৬ অক্টোবর সুপারি রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। তখন বলা হয়, কম দামে রপ্তানির মাধ্যমে রপ্তানিকারকেরা অর্থ পাচার করছেন।তবে ভারতে অবৈধভাবে সুপারি রপ্তানি যে থেমে নেই, তার প্রমাণ আবারও মিলেছে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্যে। তাদের তথ্যে দেখা গেছে, চলতি ২০১২-১৩ অর্থবছরের নয় মাসে ভারত যত সুপারি আমদানি করেছে, তার ৮৪ শতাংশই আমদানি হয়েছে বাংলাদেশ থেকে। এই সময়ে ভারত মোট ৬২ হাজার ৫৬ টন সুপারি আমদানি করেছে। এর মধ্যে ৫২ হাজার ২৬৩ টনই এসেছে বাংলাদেশ থেকে। ভারতীয় পত্রিকা বিজনেস লাইন গত শনিবার এ-সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে।অবশ্য সুপারি রপ্তানির বিষয়টি তদন্ত করে বাংলাদেশ ট্যারিফ কমিশন জানুয়ারির মাঝামাঝি সময়ে শুধু মংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) ব্যবসায়ীদের সুপারি রপ্তানির অনুমতি দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে। এর পরিপ্রেক্ষিতে ওই ইপিজেডের ব্যবসায়ীরা আবারও রপ্তানি শুরু করেছেন। তবে ইপিজেডের ব্যবসায়ীদের এই পরিমাণ রপ্তানির সক্ষমতা নেই।মংলা ইপিজেড বিনিয়োগকারী সমিতির সভাপতি গালিব কাপাডিয়া প্রথম আলোকে বলেন, ইপিজেডের অধীনে আটটি প্রতিষ্ঠান থেকে মাসে আনুমানিক আট হাজার টন সুপারি রপ্তানি হয়।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে সুপারির বার্ষিক উৎপাদন দুই লাখ ৩০ হাজার ৪৩৪ টন। আর দেশীয় চাহিদা হচ্ছে দুই লাখ ২৬ হাজার ৪৯১ টন। উদ্বৃত্ত থাকে তিন হাজার ৯৪৩ টন।প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১১-১২ অর্থবছরে দেশে সুপারি আমদানি হয়েছে ৩৬ হাজার ৪৭১ টন। দেশে উৎপাদনের ঘাটতি না থাকার পরও এই বিপুল পরিমাণ সুপারি আমদানি করার মানে হলো, অন্য কোনোভাবে এই সুপারি রপ্তানি করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, সে সময় সুপারি রপ্তানি হয়েছে ছয় হাজার ৭৪২ টন। অর্থাৎ বিভিন্ন দেশ থেকে সুপারি আমদানি করে তা অবৈধভাবে ভারতে রপ্তানি করা হচ্ছে।বিজনেস লাইনের প্রতিবেদনেও এই অবৈধ রপ্তানির দিকে ইঙ্গিত করা হয়েছে। এতে বলা হয়েছে, ভারতের দুটি প্রদেশের সরকারের নির্দেশনায় পরিচালিত কেন্দ্রীয় সুপারি ও কোকো বিপণন ও প্রক্রিয়াকরণ সমবায় লিমিটেডের (ক্যাম্পকো) সভাপতি কো পদ্মানভা গত মাসে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘সুপারি উৎপাদনে বড় দেশ না হওয়ার পরও বাংলাদেশ থেকে বেশি সুপারি আমদানি হচ্ছে। এর মানে, ইন্দোনেশিয়াসহ সুপারি উৎপাদক বড় দেশগুলোর সুপারি বাংলাদেশ হয়ে ভারতে রপ্তানি হচ্ছে।’এনবিআর, চট্টগ্রাম কাস্টম হাউস এবং চট্টগ্রামে আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক কার্যালয়ের তথ্যে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর সময়ে) দেশের ১৬টি আমদানিকারক প্রতিষ্ঠান চার হাজার ৩৭৮ টন সুপারি আমদানি করেছে। আমদানিমূল্য, শুল্ক, কর পরিশোধের পর এক কেজি সুপারির দাম দাঁড়ায় ১২৫ টাকা। চট্টগ্রামের পাইকারি বাজারে ওই সুপারি বিক্রি হয় ১৯০ থেকে ২০২ টাকা কেজি। অথচ, বেনাপোল কাস্টম হাউস বলছে, এ দেশ থেকে মাত্র ৫৬ টাকা ৪১ পয়সা কেজি দরে সুপারি রপ্তানি হয়েছে।জানতে চাইলে ট্যারিফ কমিশনের তদারক সেলের একজন সদস্য প্রথম আলোকে বলেন, সুপারি রপ্তানির বিষয়টি আরও খতিয়ে দেখতে বাণিজ্য মন্ত্রণালয় কমিটি করেছে। ওই কমিটি কাজ করছে।ভারতে রপ্তানি বাড়ছেই: ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০০৯-১০ অর্থবছরে ভারতে মোট সুপারি আমদানির ১৮ শতাংশ এসেছিল বাংলাদেশ থেকে। ২০১০-১১ অর্থবছরে এই হার বেড়ে দাঁড়ায় ৪৩ শতাংশে। পরের বছর তা আরও বেড়ে দাঁড়ায় ৭৪ শতাংশে। আর চলতি অর্থবছরের প্রথম নয় মাসেই মোট আমদানির ৮৪ শতাংশই আমদানি হয়েছে বাংলাদেশ থেকে।ভারতের লোকসভার সদস্য নলিন কুমার কাতিলের এত প্রশ্নের জবাবে সম্প্রতি লোকসভায় এ তথ্য দিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়।আগে ভারতে সুপারি রপ্তানিকারক দেশ হিসেবে অন্যতম ছিল ইন্দোনেশিয়া। এখন তাদের রপ্তানি অনেকটাই কমে গেছে। ২০১০-১১ অর্থবছরে ইন্দোনেশিয়া থেকে যেখানে ২৩ হাজার ২৯২ টন সুপারি আমদানি হয়েছিল, পরের অর্থবছরে তা কমে দাঁড়ায় ছয় হাজার ৪৬৭ টনে। আর চলতি বছরের নয় মাসে আমদানি হয়েছে মাত্র এক হাজার ৮৫৩ টন।এর বড় কারণ হলো, সাফটার আওতায় বাংলাদেশ ভারতে সুপারি রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পায়। ২০১২ সালের ১৪ আগস্ট ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর প্রতি কেজি সুপারির সর্বনিম্ন আমদানি দর নির্ধারণ করে ৭৫ রুপি। এর সঙ্গে আমদানিমূল্যের ওপর ১০৮ শতাংশ শুল্ক দিতে হয়। বাংলাদেশ থেকে সুপারি রপ্তানিতে এই শুল্কটা দিতে হয় না।