ভারতে অশুল্ক বাধা কমাতে মেট্রো চেম্বারের তিন প্রস্তাব
ভারতের বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে নানা ধরনের অশুল্ক প্রতিবন্ধকতার মুখে পড়ে। এসব অশুল্ক বাধা দূর করতে বা কমাতে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) তিনটি বিশেষ প্রস্তাব দিয়েছে।প্রস্তাবগুলো হলো: পণ্যের চালান পরীক্ষায় দৈবচয়ন ব্যবস্থা চালুকরণ, পণ্যমান পরীক্ষার প্রতিবেদনের ইলেকট্রনিক অনুলিপি গ্রহণ এবং অধিকতর পণ্যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) সদন গ্রহণ।গতকাল সোমবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রজিত মিত্তারের সঙ্গে এক বৈঠকে এমসিসিআইয়ের পক্ষ থেকে এসব প্রস্তাব দেওয়া হয়। এমসিসিআইয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে মূল বক্তব্য তুলে ধরেন চেম্বারের সভাপতি আমজাদ খান চৌধুরী।এমসিসিআইয়ের প্রস্তাবে বলা হয়, ভারতীয় একাধিক কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের বাণিজ্য প্রতিবন্ধকতা আরোপ করতে পারে। আর তাই বাংলাদেশি ব্যবসায়ী ও রপ্তানিকারকেরা বড় ধরনের সমস্যার সম্মুখীন হন। বিশেষত নানা ধরনের অশুল্ক প্রতিবন্ধকতা দেখা দেয়। এ অবস্থায় ভারতের বৈদেশিক বাণিজ্যবিষয়ক মহাপরিচালকের (ডিজিএফটি) কার্যালয় এককভাবে যেকোনো বিধিনিষেধ আরোপের জন্য ক্ষমতাধর হলে সমস্যা অনেকটা কমে আসত বলে এমসিসিআইয়ের সভাপতি মন্তব্য করেন।অশুল্ক বাধা কমানোর জন্য ভারতীয় কর্তৃপক্ষকে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানিমুখী পণ্যের চালান পরীক্ষার, বিশেষত মান পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানোর ক্ষেত্রে দৈবচয়ন পদ্ধতি অনুসরণের প্রস্তাব করেছে এমসিসিআই। এমসিসিআই বলছে, ভারতীয় শুল্ক কর্তৃপক্ষ খাদ্যপণ্য, প্রসাধন, চামড়া ও তৈরি পোশাকপণ্যের প্রতিটি চালানই মান পরীক্ষার জন্য পাঠায়। এতে অনেক সময়ক্ষেপণ হয়। এর বদলে দৈবচয়ন করে চালান পরীক্ষা করা যেতে পারে।আবার ভারতীয় পরীক্ষাগারে পাঠানোর পর তার ফলাফল বা প্রতিবেদন পেতে ১৫ থেকে ২০ দিন পর্যন্ত সময় লেগে যায়। কেননা, স্থলবন্দর থেকে পরীক্ষাগারগুলো অনেক দূরে। আর পরীক্ষার প্রতিবেদন ডাকযোগে শুল্ক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। এ সময় কমানোর জন্য পরীক্ষাগার থেকে ফ্যাক্স বা ই-মেইলযোগে প্রতিবেদন প্রেরণ করার এবং শুল্ক কর্তৃপক্ষকে তা গ্রহণ করার সুপারিশ করেছে এমসিসিআই। বর্তমানে ভারত সরকার বিএসটিআই অনুমোদিত ১০টি পণ্যকে সরাসরি গ্রহণ করে নিচ্ছে। এর মধ্যে আছে সিমেন্ট, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য ইত্যাদি। এ তথ্য উল্লেখ করে এমসিসিআই পণ্যের সংখ্যা আরও বাড়ানোর, অর্থাৎ অধিক পণ্যে বিএসটিআইয়ের অনুমোদন বা সনদ মেনে নেওয়ার জন্য ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে। এ ছাড়া এমসিসিআই ব্যবসায়ীদের ভিসা-প্রক্রিয়া সহজীকরণ ও অন্তত এক বছরের জন্য মাল্টিপল ভিসা দেওয়ার অনুরোধ জানিয়েছে। এমসিসিআই আরও বলছে, বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও সিমেন্ট রপ্তানির ক্ষেত্রে সম্প্রতি ১৮ শতাংশ প্রায়-শুল্ক (প্যারা-ট্যারিফ) আরোপ করা হয়েছে। এতে করে প্যারা-ট্যারিফের আওতা বেড়ে গেছে। এটা বাণিজ্য সম্প্রসারণে বাধা, যা অপসারণ করা উচিত।সভায় ভারতীয় হাইকমিশনারকে এও বলা হয়, বিপুলসংখ্যক ভারতীয় নাগরিক বিশেষজ্ঞ ও ব্যবস্থাপক হিসেবে বাংলাদেশে কর্মরত আছেন। এ জন্য তাঁদের কর্ম-অনুমোদনপত্র সহজেই দেওয়া হয়। কিন্তু বাংলাদেশিদের ক্ষেত্রে তা হচ্ছে না। এমনকি বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশির কর্মক্ষেত্র ভারত হলে তাঁকে অনুমতি পেতে প্রচুর বেগ পেতে হয়। এসব তথ্য উল্লেখ করে এমসিসিআই ভারতে বাংলাদেশিদের কাজের ক্ষেত্রে সহজে অনুমতিপত্র দেওয়ার অনুরোধ জানিয়েছে।উল্লেখ্য, ২০১০-১১ অর্থবছরের প্রথম নয় মাসে ভারতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ কোটি ৯০ লাখ ডলার। বিপরীতে এ সময়ে ভারত থেকে আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ২০৫ কোটি ৮০ লাখ ডলার।