ভারতে আইএমএফের কাছ থেকে সহায়তা গ্রহণ নিয়ে বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ ও বাণিজ্য ডেস্ক
রুপির বড় দপরতন, চলতি হিসাবের ভারসাম্যে বিরাট ঘাটতি ও প্রবৃদ্ধির সাড়ে ৪ শতাংশের নিচে নেমে যাওয়ার পর অর্থনৈতিক সংকট মোকাবিলায় ভারতের আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ-সহায়তা নেওয়া উচিত কি না, তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।
ভারতের অর্থ মন্ত্রণালয় স্বর্ণ জমা রেখে আইএমএফের কাছ থেকে ঋণ নিয়ে রুপির দরপতন রোধ ও চলতি হিসাবের ঘাটতি অর্থায়নের পরিকল্পনা নাকচ করে দিয়েছে। প্রধান অর্থনৈতিক উপদেষ্টা রঘুরাম রাজন এ রকম কোনো প্রস্তাব নেই বলে জানিয়েছেন। তিনি অবশ্য এই সপ্তাহেই রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) নতুন গভর্নর হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।
রাজন বলেন, ভারতে যথেষ্ট পরিমাণ ডলার রয়েছে, যা দিয়ে এই পরিস্থিতি মোকাবিলা করা যায়। কাজেই এ ধরনের ঋণ-সহায়তা নেওয়ার কোনো প্রশ্ন ওঠে না।
তবে আরবিআইয়ের সাবেক গভর্নর বিমল জালান বলেছেন, অর্থনৈতিক সংকট মোকাবিলায় আইএমএফের কাছ থেকে ঋণ নেওয়ার বিকল্প পথটি ভারতের খোলা রাখা উচিত।
জালান বলেন, ‘আমাদের সব বিকল্পই খোলা রাখতে হবে। ইউরোপের দিকে তাকিয়ে দেখুন। উচ্চহারে ঘাটতি ও উচ্চ সরকারি ঋণের কারণে যখন ইউরোপের বাজার চাপের মধ্যে পড়ল, তখন আইএমএফ সেখানে টাকা ঢেলেছে আর পরিস্থিতিও কিছুটা স্থিতিশীল হয়েছে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।