ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যে আগামী সেপ্টেম্বর মাস থেকে ইন্টারনেট ব্যান্ডউইথ রপ্তানি শুরু হচ্ছে। প্রাথমিকভাবে ১০ জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড) ব্যান্ডউইথ দিয়ে শুরু হবে রপ্তানি।
ব্যান্ডউইথের এ রপ্তানি বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে জানিয়েছে রাষ্ট্রমালিকানাধীন সংস্থা বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।
ভারতে ব্যান্ডউইথ রপ্তানির যৌক্তিকতা তুলে ধরতে গতকাল বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলন আয়োজন করে বিএসসিসিএল। এতে বক্তব্য দেন বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে বিএসসিসিএলের কাছে ২০০ জিবিপিএস ব্যান্ডউইথ রয়েছে। এর মধ্যে ব্যবহৃত হয় ৩৩ জিবিপিএস। আগামী বছর ডিসেম্বর নাগাদ সর্বোচ্চ ৯০ জিবিপিএস পর্যন্ত ব্যবহৃত হতে পারে। তাই অব্যবহৃত ১১০ জিবিপিএস ব্যান্ডউইথ থেকেই ভারতে রপ্তানি করা হবে।
গত জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় দেশটির রাষ্ট্রমালিকানাধীন ভারত সঞ্চার নিগাম লিমিটেডের (বিএসএনএল) সঙ্গে বিএসসিসিএলের চুক্তি হয়। চুক্তিতে প্রতি মেগাবাইট ব্যান্ডউইথের রপ্তানি মূল্য ধরা হয় ১০ ডলার। সেই হিসাবে ১০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করে বছরে সরকারের আয় হবে ১২ লাখ ডলার বা প্রায় সাড়ে নয় কোটি টাকা। তবে চুক্তি অনুযায়ী ৪০ জিবিপিএস পর্যন্ত ব্যান্ডউইথ রপ্তানি করা যাবে।
ব্যান্ডউইথ রপ্তানির জন্য ভারতের ত্রিপুরার আগরতলা পর্যন্ত সংযোগ লাইন স্থাপনের কাজ এখন চলছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। বিএসসিসিএলের এমডি মনোয়ার হোসেন বলেন, দেশে ১০ জিবিপিএস ইন্টারনেট ব্যান্ডউইথ যে দামে বিক্রি করা হয়, ভারতে রপ্তানি করে এর চেয়ে বেশি দাম পাওয়া যাবে।