ভারতে এক যুগের মধ্যে সর্বনিম্ন গাড়ি বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে সব ধরনের গাড়ির বিক্রিই কমে গেছে। গত ফেব্রুয়ারি মাসে দেশটিতে আগের বছরের একই সময়ের চেয়ে গাড়ি বিক্রি কমেছে ২৫ দশমিক ৭১ শতাংশ।২০১২ সালের ফেব্রুয়ারিতে ভারতে যেখানে দুই লাখ ১৩ হাজার ৩৬২টি যাত্রীবাহী গাড়ি বিক্রি হয়েছে, সেখানে এবারে একই মাসে তা কমে এক লাখ ৫৮ হাজার ৫১৩টিতে নেমে এসেছে। গত ১২ বছরে দেশটিতে এত কম গাড়ি বিক্রির ঘটনা আর ঘটেনি।ভারতীয় গাড়ি নির্মাতাদের সংগঠন সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিয়াম) এই তথ্য প্রকাশ করেছে। সিয়ামের উপমহাপরিচালক সুগত সেন বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধি, চড়া সুদের হার ও অর্থনৈতিক মন্দার কারণেই মূলত প্রত্যাশিত ক্রেতা পায়নি গাড়ির বাজার। সিয়ামের পরিসংখ্যানে বলা হয়েছে, আলোচ্য ফেব্রুয়ারি মাসে মারুতির যাত্রীবাহী গাড়ির বিক্রি হয়েছে ৮৩ হাজার ৮৬৫টি, যা গত বছরের একই সময়ে ছিল ৯৪ হাজার ১১৮টি। এ কোম্পানির গাড়ি বিক্রি কমেছে ১০ দশমিক ৮৯ শতাংশ। হুন্দাই মোটরের গাড়ি বিক্রি কমেছে ৭ দশমিক ৪২ শতাংশ। তাদের বিক্রি হয়েছে ৩৩ হাজার ৯৩৬টি, যা গত বছরের একই মাসে ছিল ৩৬ হাজার ৬৫৮টি। এ ছাড়া গত মাসে টাটার গাড়ি বিক্রি ৭২ দশমিক ৪৮ শতাংশ কমেছে। তাদের বিক্রি হয়েছে সাত হাজার ৭৬৯টি গাড়ি। গত বছরের একই মাসে এই সংখ্যা ছিল ২৮ হাজার ২৩৬টি।