কোনো ধরনের অশুল্ক বাধার কারণে যেন ভারতের বাজারে বাংলাদেশি এমএস রডের প্রবেশাধিকার বাধাগ্রস্ত না হয়, সে জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সঙ্গে গতকাল মঙ্গলবার তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে সমিতির নেতারা এ দাবি জানান। শিল্পমন্ত্রী বাংলাদেশি রড ভারতে শুল্কমুক্তভাবে প্রবেশের ক্ষেত্রে উদ্যোক্তাদের সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন। শিল্প মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়েছে।উল্লেখ্য, ভারত সরকার সাফটার আওতায় দক্ষিণ এশিয়ার স্বল্পোন্নত দেশগুলোর জন্য স্পর্শকাতর পণ্যের তালিকা নামিয়ে এনেছে। এর ফলে ২৫টি বাদে বাংলাদেশি সব পণ্য ভারতে বিনাশুল্কে রপ্তানির সুযোগ তৈরি হয়েছে।সভায় স্টিল মিল মালিকেরা বলেন, দেশের স্টিল ও রি-রোলিং মিলগুলো এমএস রডের দেশীয় চাহিদা মিটিয়ে অতিরিক্ত উৎপাদন করছে। দেশে বর্তমানে রডের চাহিদা রয়েছে ৩০ লাখ মেট্রিক টন। আর উৎপাদিত হচ্ছে গড়ে প্রায় ৪০ লাখ মেট্রিক টন। এই শিল্প খাতে প্রায় ২০ হাজার কোটি টাকার স্থানীয় বিনিয়োগ রয়েছে।সমিতির নেতারা বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এমএস রডের কাঁচামাল ও রাসায়নিকের আমদানিশুল্ক কমানো প্রয়োজন। লৌহজাতীয় শিল্প খাতের উদ্যোক্তাদের জন্য ব্যাংক ঋণের সুদের হার এক অঙ্কে (সিঙ্গেল ডিজিট) নির্ধারণ, শিল্পকারখানায় গ্যাস সংযোগ প্রদান, জাহাজ ভাঙা শিল্পের মেল্টিং স্ক্র্যাপ ও প্লেটের দাম কমানো এবং পিএসআই প্রথা প্রত্যাহারের দাবি জানান সমিতির নেতারা।মিল মালিকদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে লৌহজাত পণ্য শিল্পায়নের ভিত্তি বলে মন্তব্য করেন শিল্পমন্ত্রী। তিনি বলেন, এমএস রডের ওপর বিএসটিআই প্রদত্ত মানের সনদ ভারতে যেন গ্রহণযোগ্য হয়, সে জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।দিলীপ বড়ুয়া বলেন, জাহাজ ভাঙা শিল্প দেশীয় স্টিল ও রি-রোলিং শিল্পের কাঁচামালের উৎস হিসেবে ভূমিকা রাখছে। স্টিল ও রি-রোলিং মিলগুলোর উৎপাদন-ক্ষমতানুযায়ী প্রয়োজনীয় কাঁচামাল জোগান দিতে পরিবেশবান্ধব জাহাজ ভাঙা ও পুনরুৎপাদন (রিসাইক্লিং) শিল্প গড়ে তোলা হচ্ছে। শিগগিরই এ খাত সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে জাহাজ ভাঙা ও রিসাইক্লিং বিধিমালা চূড়ান্ত করা হবে।বৈঠকে সমিতির চেয়ারম্যান শেখ মাসাদুল আলম, সাধারণ সম্পাদক আবুল কাসেম মজুমদার, যুগ্ম সম্পাদক মো. সিরাজুল ইসলাম মৃধা, সাংগঠনিক পরিচালক মুহাম্মদ শহীদউল্লাহ, সদস্য মো. সিরাজুল ইসলাম, ওবায়দুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।