ভারতে ওষুধের মূল্য সাধারণের ক্রয়ক্ষমতার বাইরে
ভারতে ধীরে ধীরে প্রয়োজনীয় জীবনরক্ষাকারী ওষুধ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। ওষুধশিল্পে মাত্রাতিরিক্ত বৈদেশিক বিনিয়োগ ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর ভারতীয় ছোট ছোট ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কিনে নেওয়ার হিড়িক পড়ে যাওয়ায় সরকার আশঙ্কা করছে আর কিছু দিনের মধ্যে অনেক প্রয়োজনীয় জীবনরক্ষাকারী ওষুধই সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে।এ ধরনের পরিস্থিতিতে ভারতের কেন্দ্রীয় সরকার ওষুধশিল্পে অপ্রয়োজনীয় বৈদেশিক বিনিয়োগ বন্ধ করার উদ্যোগ নিয়েছে। এর পাশাপাশি সরকার বাধ্যতামূলক লাইসেন্স পদ্ধতির প্রবর্তনসহ জীবনরক্ষাকারী ওষুধের দাম সরকারিভাবে নির্দিষ্ট করে দেওয়ার উদ্যোগ নিয়েছে।বাধ্যতামূলক লাইসেন্স পদ্ধতির অধীনে ভারত সরকার দেশীয় ছোট প্রতিষ্ঠানকে প্যাটেন্টকৃত বিভিন্ন জীবনরক্ষাকারী ওষুধ তৈরি করার অধিকার দেবে। এই লাইসেন্স পেলে দেশীয় প্রতিষ্ঠানগুলো অনেক প্রয়োজনীয় ওষুধ প্যাটেন্টের অধিকারী বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর অনুমতি ছাড়াই তৈরি করতে পারবে। বর্তমানে প্যাটেন্ট আইন অনুযায়ী ভালোমানের প্রয়োজনীয় ওষুধ কেবল প্যাটেন্টের অধিকারী বহুজাতিক প্রতিষ্ঠানগুলোই তৈরি করে। এর ফলে সেই ওষুধগুলোর বিপণনে সেই প্রতিষ্ঠানগুলো একচ্ছত্র অধিকার পাওয়ায় দাম বাড়িয়ে বিক্রি করার একটি প্রবণতা দেখা দিয়েছে। এ প্রবণতা বন্ধ করতেই ভারত সরকার প্যাটেন্ট আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে।সম্প্রতি ভারতের স্বাস্থ্যমন্ত্রী গোলাম নবী আজাদের কাছে পাঠানো এক চিঠিতে শিল্পমন্ত্রী আনন্দ শর্মা বলেছেন, বাধ্যতামূলক লাইসেন্স পদ্ধতি প্রবর্তনের বিভিন্ন দিক খতিয়ে দেখার সময় এসেছে। তিনি চিঠিতে আরও বলেন, বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো একজোট হয়ে জীবনরক্ষাকারী ওষুধের দাম বাড়াচ্ছে। এভাবে চলতে থাকলে ওষুধের দাম সাধারণ ভারতীয়দের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে।এদিকে বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এক জরিপে জানিয়েছে, ভারতে বিভিন্ন জীবনরক্ষাকারী প্রয়োজনীয় ওষুধ ৬৫ শতাংশ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে।