ভারতে কাঁচা পাট বেল আকারে রপ্তানির অনুমতিতে প্রতিবাদ
শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ ভারতে কাঁচা পাট বেল আকারে রপ্তানির সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করছে। ২২ নভেম্বর পাট মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ অনুমতি দেওয়া হয়েছে।এক প্রেস বিজ্ঞপ্তিতে শিপার্স কাউন্সিল জানিয়েছে, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাট উৎপাদনকারী দেশ এবং ভারতসহ বিশ্বের প্রায় ৩০টি দেশে নিয়মিত পাক্কা বেল আকারে পাট রপ্তানি করে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা অর্জন করে আসছে। গত অর্থবছরও পাক্কা বেলে পাট রপ্তানি করে প্রায় দুই হাজার কোটি টাকা আয় করে।এতে আরও বলা হয়, পাট রপ্তানিকারকেরা কৃষক থেকে সরাসরি পাট ক্রয় করে বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন মানে পাক্কা বেল আকারে গাঁইট বাঁধাই করে রপ্তানি করে থাকে। সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনসহ সবার সঙ্গে আলাপ-আলোচনা ছাড়া কাঁচা বেল আকারে পাট রপ্তানি একটি আত্মঘাতী সিদ্ধান্ত বলে শিপার্স কাউন্সিল মনে করে। বরং এর ফলে বিভিন্ন উঁচুমানের পাট ভারতে অতি কমমূল্যে রপ্তানি হওয়ার আশঙ্কা রয়েছে। বিজ্ঞপ্তি।