ভারতে কাঁচ্চা বেল আকারে পাট রপ্তানির সিদ্ধান্ত প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে পাক্কা বেলের পাশাপাশি কাঁচ্চা বেল আকারে পাট রপ্তানির অনুমতির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা প্রত্যাহার করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। গতকাল এ-সংক্রান্ত একটি তথ্য বিবরণী দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে মন্ত্রণালয়।এতে বলা হয়, ১৫ ডিসেম্বর বস্ত্র ও পাট মন্ত্রণালয় কাঁচ্চা বেল আকারে পাট রপ্তানির সিদ্ধান্ত প্রত্যাহারসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।এর আগে গত ২২ নভেম্বর পাট রপ্তানির ক্ষেত্রে বিএসটিআই কর্তৃক নির্ধারিত মান যথাযথ অনুসরণ এবং রপ্তানিকারকেরা বিএসটিআই কর্তৃক প্রণীত কাঁচ্চা বেলের মানবহির্ভূত কোনো চুক্তি সম্পাদন করবেন না—এ রকম শর্ত আরোপ করে ভারতে পাক্কা বেলের পাশাপাশি কাঁচ্চা বেল আকারেও পাট রপ্তানির অনুমতি দিয়েছিল মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, হাইড্রোলিক প্রেসিং মেশিনে পাটের গাঁট তৈরিকে পাক্কা বেল বলে। প্রতি গাঁটে ১৮০ কেজি পাট হয়। শুধু নারায়ণগঞ্জ ও খুলনায় এ ধরনের মেশিন আছে। আর কাঁচ্চা বেল তৈরি করা হয় সাধারণভাবে পাটের গাঁট দিয়ে।ওই কর্মকর্তা আরও বলেন, এ বছর বেশি পাট উৎপাদন হওয়ায় কৃষকদের হয়রানি কমাতে কাঁচ্চা বেল আকারে পাট রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু এতে করে অনেক ক্ষেত্রেই দেশের ভালো মানের পাট পাচার হয়ে যাচ্ছিল।