ভারতে খুচরা ব্যবসায়ে বিদেশি বিনিয়োগে আপত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কেন্দ্রীয় সরকার খুচরা ব্যবসায়ে বিদেশি বিনিয়োগের উদ্যোগ নিলেও অধিকাংশ রাজ্যের পক্ষ থেকেই প্রবল আপত্তি উঠেছে। এখন পর্যন্ত ৩৫টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে মাত্র চারটি রাজ্য বিদেশি মূলধন বিনিয়োগে সম্মত হয়েছে। গত বছরের নভেম্বর মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা খুচরা ব্যবসায়ে ৫১ শতাংশ বিদেশি বিনিয়োগ গ্রহণের সিদ্ধান্ত নেয়। ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) প্রধান শরিক কংগ্রেস শাসিত বিভিন্ন রাজ্য এ সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করলেও এ নিয়ে বিভিন্ন রাজ্যে প্রতিবাদ ওঠে। আন্দোলনও শুরু হয়। এমনকি কেন্দ্রে কংগ্রেসের শরিক দল হয়েও পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসও খুচরা ব্যবসায়ে বিদেশি বিনিয়োগ নেওয়ার বিরোধিতা করে।চলতি বছরের ১৯ জুন কেন্দ্রীয় ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রমোশন দপ্তর বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারের কাছে চিঠি দিয়ে তাদের মতামত জানতে চায়। কিন্তু গত বুধবার ভারতের আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভায় কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া প্রশ্নোত্তর পর্বে জানান, ৮ আগস্ট পর্যন্ত মাত্র চারটি রাজ্য খুচরা ব্যবসায়ে বিদেশি বিনিয়োগের ব্যাপারে সম্মত হয়েছে। রাজ্যগুলো হলো: দিল্লি, মনিপুর, দমন-দিউ ও দাদরা-নগর হাভেলি। প্রসঙ্গত, এর আগে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা বিভিন্ন সময় বলেছিলেন, খুচরা ব্যবসায়ে বিদেশি বিনিয়োগে সম্মতি রয়েছে বিভিন্ন রাজ্যের। যদিও তা শেষ পর্যন্ত প্রমাণিত হয়নি।