ভারতে গাড়ি বিক্রিতে মন্দা
ভারতে যাত্রীবাহী গাড়ির বাজারে মন্দা চলছে। সর্বশেষ জুন মাসে এ দেশে আগের বছরের একই সময়ের তুলনায় গাড়ি বিক্রি ৯ শতাংশ কমেছে।এ নিয়ে গত নভেম্বর থেকে ৮ মাস ধরে এ দেশে যাত্রীবাহী গাড়ি বিক্রি কমেছে। অন্যদিকে বাণিজ্যিক গাড়ি বিক্রিও কমছে টানা ১৫ মাস ধরে। প্রায় সব কোম্পানিরই গাড়ি বিক্রিতে ভাটা চলছে। কোনো কোনো কোম্পানি তো গাড়ি উৎপাদন বন্ধ রাখার চিন্তাভাবনাও শুরু করেছে বলে জানা গেছে।গাড়ি উৎপাদনকারীদের সংস্থা সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্সের (সিয়াম) মাসিক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে জুনে মোট যাত্রীবাহী গাড়ি বিক্রি হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৬৩২টি। গত বছরের জুনে এই সংখ্যা ছিল ১ লাখ ৫৩ হাজার। আর চলতি ২০১৩-১৩ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) গাড়ি বিক্রি কমেছে ১০ দশমিক ৪১ শতাংশ। গত শুক্রবার প্রকাশিত সিয়ামের প্রতিবেদন অনুযায়ী জুন মাসে মারুতি-সুজুকির ৬৫ হাজার ১৭২টি, হুন্দাইর ৩০ হাজার ৫৭৭টি ও টাটার ৯ হাজার ৬২৮টি গাড়ি বিক্রি হয়েছে। একই মাসে মোটরসাইকেল বিক্রি হয়েছে ৭ লাখ ৯৯ হাজার, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৯ দশমিক ১৬ শতাংশ কম। বাণিজ্যিক গাড়ি বিক্রি হয়েছে ৫৬ হাজার ১৯৭টি, যা আগের বছরের একই সময়ে তুলনায় ১৩ দশমিক ৪৫ শতাংশ কম।তবে স্কুটারের বিক্রি বেড়েছে ১৫ দশমিক ১৬ শতাংশ। এই গাড়ি বিক্রি হয়েছে দুই লাখ ৫৮ হাজারটি।