ভারতে ছোট গাড়ির ইঞ্জিন তৈরি করছে বড় কোম্পানিগুলো
বিশ্বের বেশ কয়েকটি বহুজাতিক গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান এবার ভারতে ছোট গাড়ির ইঞ্জিন তৈরির উদ্যোগ নিয়েছে। ভারতে ছোট গাড়ির বিশাল বাজার ধরতেই তাদের এই পদক্ষেপ।যুক্তরাষ্ট্রভিত্তিক জেনারেল মোটরস ইতিমধ্যে মহারাষ্ট্রের পুনের কাছে তালেগাঁওয়ে ছোট গাড়ির পেট্রল ও ডিজেল ইঞ্জিন তৈরির কারখানা গড়ে তুলেছে। ২৩০ কোটি ডলার বিনিয়োগে স্থাপিত এই কারখানায় প্রাথমিকভাবে বছরে ইঞ্জিন তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ ছয় হাজার, যা ভবিষ্যতে তিন লাখে উন্নীত হবে। জেনারেল মোটরস এত দিন কোরিয়া থেকে ভারতে গাড়ির ইঞ্জিন আনত।ফোর্ড ইন্ডিয়াও তাদের চেন্নাইয়ের কারখানায় ছোট গাড়ির পেট্রল ও ডিজেল ইঞ্জিন উৎপাদন শুরু করেছে। হোন্ডা সিয়েল কারও ২০১১ সাল থেকে রাজস্থানের কারখানায় ছোট গাড়ির ইঞ্জিন তৈরি শুরু করবে বলে জানা গেছে।এদিকে ভারতের গাড়িশিল্পের প্রধান সংগঠন সিয়াম তাদের এক প্রতিবেদনে বলেছে, ২০১০-১১ সালে এ দেশে গাড়িশিল্পে প্রবৃদ্ধির হার দাঁড়াবে ১৮ থেকে ২০ শতাংশ।জেনারেল মোটরসের ব্যবস্থাপনা পরিচালক কার্ল স্লিম ও ভাইস প্রেসিডেন্ট পি বলেন্দ্রন জানিয়েছেন, ভারতে দেশীয় গাড়িশিল্পে ৩০ শতাংশ প্রবৃদ্ধি হলেও জিএমের (তাঁদের) ক্ষেত্রে তা প্রায় ৭৬ শতাংশ। তাঁরা আরও জানান, ২০১০ সালে জেনারেল মোটরসের গাড়ি বিক্রির সীমা এক লাখ ছাড়িয়ে যাবে, যা ২০০৯ সালে ছিল ৬৯ হাজার ৫৭৯টি। এ ছাড়া ২০১২ সালে জেনারেল মোটরসের গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা দুই লাখ ও ২০১৩ সালে তিন লাখে প্রক্ষেপণ করা হয়েছে।