ভারতে জিডিপিতে প্রত্যাশার চেয়ে বেশি প্রবৃদ্ধি
ভারতে মোট দেশজ উত্পাদনে চলতি ২০০৯-২০১০ অর্থবছরে প্রত্যাশার চেয়ে বেশি প্রবৃদ্ধি হচ্ছে। আগামী মার্চে সমাপ্য এ অর্থবছরে দেশটি জিডিপিতে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি আশা করছে; যা আগের অর্থবছর শেষে ছিল ৬ দশমিক ৭ শতাংশ।কিছুদিন আগেও ভারত চলতি অর্থবছর শেষে জিডিপিতে প্রবৃদ্ধি ৬ থেকে সাড়ে ৭ শতাংশ হতে পারে বলে প্রাক্কলন করে।সরকারের দেওয়া পুনরুদ্ধার সহায়তা কর্মসূচির ফলে জিডিপির প্রবৃদ্ধি আশাব্যঞ্জক হয়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে। বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ভারতের কেন্দ্রীয় ব্যাংক মোট সাড়ে ১২ হাজার কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছে। জিডিপি ঘুরে দাঁড়ানোর পরিস্থিতিতে এ কর্মসূচি এখন প্রত্যাহার করার পাশাপাশি সুদের হারও ফের বাড়াতে পারে।২০০৯ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই—সেপ্টেম্বর) ভারতের জিডিপিতে বার্ষিক প্রবৃদ্ধি হয় ৭ দশমিক ৯ শতাংশ।তবে চলতি অর্থবছর শেষে মূল্যস্ফীতি বেড়ে সাড়ে ৮ শতাংশে দাঁড়াবে বলে প্রাক্কলন করা হয়েছে। বিবিসি অবলম্বনে।