ভারতে টাঙ্গাইল শাড়ির রপ্তানি বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল ফিতর ও পূজা সামনে রেখে শুধু দেশ নয়, ভারতের পশ্চিমবঙ্গ থেকেও শাড়ি কিনতে ক্রেতারা আসছেন টাঙ্গাইলের পাথরাইলে। ইতিমধ্যেই গতবারের তুলনায় পাঁচ গুণের বেশি শাড়ি ভারতে রপ্তানি হয়েছে বলে জানিয়েছেন টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারকেরা।তবে ঈদের মৌসুমে ব্যবসা জমে ওঠার সঙ্গে সঙ্গে সার্বিক নিরাপত্তা নিয়ে চিন্তিত তাঁতশিল্পীরা। পাথরাইলে গিয়ে শাড়ি ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে বিষয়টি জানা গেছে।টাঙ্গাইল শহর থেকে ছয় কিলোমিটার দক্ষিণে দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নে প্রায় পাঁচ হাজার তাঁতি পরিবারের বসবাস। ছোট ও বড় মিলিয়ে প্রায় আট হাজার তাঁতি এখানে ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ি তৈরি করে।টাঙ্গাইল শাড়ি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নীলকমল বসাক জানান, এবার ঈদ ও পূজা সামনে রেখে পাথরাইলে তাঁরা সাধারণ তাঁত শাড়ির পাশাপাশি নেট সিল্ক, জুট সিল্ক, কোটা সিল্ক বালুচরি, জামদানি, মোমবাটিক, হ্যান্ড পেইন্ট, ভেজিটেবল ডাইং, মসলিন ম্যাচিং, র-সিল্ক টিস্যুসহ বিভিন্ন প্রকারের শাড়ি তৈরি করেছেন। মানভেদে এসব শাড়ির দাম ৪০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত।পাথরাইল গিয়ে দেখা যায়, প্রতিটি বাড়িতেই ক্রেতাদের ভিড়। দেশের বিভিন্ন জেলা থেকে শাড়ি ব্যবসায়ীরা এসে পাইকারি দরে শাড়ি নিয়ে যাচ্ছেন। ভারতের পশ্চিমবঙ্গ থেকেও আসছেন অনেক ব্যবসায়ী।নওগাঁ থেকে আসা ব্যবসায়ী সালেহ আহমেদ জানান, ঈদের বাজারের মূল আকর্ষণ টাঙ্গাইল শাড়ি। ক্রেতাদের চাহিদা মেটাতে তাঁকে ঈদের আগে চারবার টাঙ্গাইল আসতে হচ্ছে। চট্টগ্রামের ব্যবসায়ী টিপু মিয়া জানান, দেশি শাড়ির একটা জাগরণ এসেছে। আগে শুধু যাঁরা কম দামের শাড়ি কিনতেন তাঁরাই টাঙ্গাইল শাড়ির দিকে ঝুঁকতেন। কিন্তু এখন অভিজাত শাড়িও তৈরি হচ্ছে টাঙ্গাইলে। এসব শাড়ি উচ্চবিত্ত ও ফ্যাশন সচেতনদেরও আকর্ষণ করছে।ভারতের পশ্চিমবঙ্গ থেকে আসা শাড়ি ব্যবসায়ী অপর্ণা সাহা জানান, ভারতীয় শাড়ির চেয়ে অনেক কম দামে টাঙ্গাইলে ফ্যাশনেবল শাড়ি তৈরি হয়। তাই ভারতে দিন দিন টাঙ্গাইল শাড়ির চাহিদা বাড়ছে। পূজার বাজার সামনে রেখে তিনি নিজেই চলে এসেছেন শাড়ি নিতে।পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে আসা প্রহল্লাদ বসাক জানান, প্রতি মাসে তিনি দুই হাজার পিস শাড়ি টাঙ্গাইল থেকে আমদানি করে বর্ধমানে বিক্রি করেন। পূজার কারণে এ চাহিদা অনেক বেড়ে গেছে।কলকাতার বলরাম বসাক জানান, টাঙ্গাইল থেকে বাংলাদেশি মুদ্রায় ৪০০ টাকার একটি শাড়ি নিয়ে কালকাতায় ভারতীয় মুদ্রায় ৪০০ রুপিতে বিক্রি করা যায়।টাঙ্গাইল শাড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি রঘুনাথ বসাক জানান, গত বছর পূজার বাজারে ভারতে দুই লাখ পিস শাড়ি পাথরাইল থেকে রপ্তানি হয়েছিল। এবার ভারতের বাজারের চাহিদা অনেক বেড়েছে। ইতিমধ্যেই ১০ লাখ পিস শাড়ি রপ্তানি হয়েছে। আরও শাড়ি রপ্তানির প্রক্রিয়ায় আছে।’শুধু পাইকারি ব্যবসায়ী নয়, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে খুচরা ক্রেতারা আসছেন পাথরাইলে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাঁতিবাড়িগুলোর সামনে ক্রেতাদের ব্যক্তিগত গাড়ির ভিড় জমে যাচ্ছে।সীতানাথ বসাকের বাড়িতে কথা হয় ঢাকার মোহাম্মদপুর থেকে আসা গৃহিণী সাবিহা শারমিনের সঙ্গে। তিনি জানান, ঈদে বেশি শাড়ি কিনতে হয়। তাই কয়েক বছর ধরে গাড়ি নিয়ে চলে আসেন পাথরাইলে। মগবাজার থেকে আসা আরেক গৃহিণী মনিকা রহমান বলেন, এখানে সময় নিয়ে পারিবারিক পরিবেশে শাড়ি কেনা যায়।তবে নাম প্রকাশে অনিচ্ছুক পাথরাইলের একাধিক শাড়ি ব্যবসায়ী জানান, ঈদ ও পূজা সামনে রেখে এখানে এখন রাতদিন বেচাকেনা হয়। কিন্তু এ বছর বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তাই তাঁরা শঙ্কিত। সবাই সন্ধ্যার আগেই কেনাকাটা শেষ করে ফিরে যাওয়ার চেষ্টায় থাকেন। এতে বাজারের ওপর কিছুটা হলেও বিরূপ প্রভাব পড়ছে। তাঁরা পুলিশি টহল ব্যবস্থা জোরদারের দাবি জানান।