ভারতে টেলিনরকে কিনতে আলোচনা শুরু এয়ারটেলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরওয়ের বহুজাতিক টেলিযোগাযোগ প্রতিষ্ঠান টেলিনরের ভারতীয় ব্যবসা কিনতে আলোচনা শুরু করেছে ভারতী এয়ারটেল। আলোচনা সফল হলে ভারতে টেলিনরের দেড় হাজার কোটি রুপি ঋণের দায়িত্ব নিতে হবে এয়ারটেলকে। তবে এর বিনিময়ে সাতটি সার্কেলে টেলিনরের চতুর্থ প্রজন্মের (ফোরজি) তরঙ্গ ব্যবহারের সুযোগ পাবে ভারতের বাজারে শীর্ষে থাকা মুঠোফোন অপারেটরটি। এতে রিলায়েন্স জিওর সঙ্গে ফোরজির বাজার প্রতিযোগিতায় এগিয়ে যাবে এয়ারটেল।

ঋণের দায়িত্ব নেওয়ার পাশাপাশি টেলিনরকে অধিগ্রহণে এয়ারটেলের কত খরচ হবে, সেটি এখনো জানা যায়নি। পুরো আলোচনা প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট এয়ারটেলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইকোনমিক টাইমসকে বলেন, আলোচনা অনেক দূর এগিয়েছে। এয়ারটেল টেলিনর ইন্ডিয়ার ঋণের একটি অংশের দায়িত্ব নিতে প্রস্তুত আছে, তবে বাকি ঋণের দায়িত্ব টেলিনরকেই নিতে হবে।

ভারতে টেলিনরের ব্যবসা কয়েক বছর ধরেই ভালো যাচ্ছে না। এ জন্য অনেক দিন ধরেই ভারতে পুরো ব্যবসা বিক্রির জন্য ক্রেতা খুঁজছে টেলিনর। এয়ারটেলের আগে বাজারে তৃতীয় অবস্থানে থাকা আইডিয়ার সঙ্গেও টেলিনরের আলোচনা হয়। কিন্তু আইডিয়া অপারেটরটির ঋণের দায় নিতে রাজি না হওয়ায় সেই আলোচনা আর সফল হয়নি। আইডিয়ার আগে ভোডাফোনের সঙ্গেও আলোচনা চালিয়েছিল টেলিনর। কিন্তু তরঙ্গের জন্য ১০০ কোটি মার্কিন ডলার চাওয়ায় ভোডাফোনের সঙ্গেও অপারেটরটির আলোচনা বেশি দূর এগোয়নি। তবে সর্বশেষ নিলামে টেলিনরের একই তরঙ্গের দাম ৮১ কোটি ডলারে নেমে এসেছে।

টেলিনর ইন্ডিয়ার ব্যবসা কিনে নেওয়ার বিষয়ে উভয় প্রতিষ্ঠান থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। টেলিনরের বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত অপারেটরটির কাছে ভারত সরকারের ১ হাজার ৯০০ কোটি রুপি বকেয়া রয়েছে।