ভারতে দাম বাড়ার নেপথ্যে ব্যবসায়ীদের কারসাজি!
ভারতে সাম্প্রতিক সময়ে পেঁয়াজের দাম বাড়ানোর ঘটনাটি পুরোপুরি মানবসৃষ্ট বলে মনে করছে দেশটির সরকার। সরকারের মতে, মহারাষ্ট্রের নাসিকের ব্যবসায়ীরা কারসাজি করে পেঁয়াজের দাম বাড়িয়েছেন।কারণ হিসেবে বলা হচ্ছে, ২০১২-১৩ উৎপাদন মৌসুমে ভারতে আগের বছরের চেয়ে মাত্র ৫ শতাংশ উৎপাদন কম হয়েছে। কিন্তু জুন-জুলাই মাসে বাজারে পেঁয়াজের সরবরাহ কমেছে ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত। আর এ কারণেই ভারতে প্রতি কেজি পেঁয়াজের দাম উঠেছে ৭০ থেকে ৮০ রুপি।সামান্য উৎপাদন কমার কারণে কীভাবে পেঁয়াজের দাম এত বেড়ে গেল, তা খতিয়ে দেখতে গিয়েই এমন তথ্য পেয়েছে ভারত সরকার।ভারতের খাদ্য ও ভোক্তাবিষয়কমন্ত্রী কে ভি থমাস বলেন, ‘অতিরিক্ত পেঁয়াজ মজুতকরণ ও মজুত পেঁয়াজ দেরিতে বাজারে ছাড়ার বিষয়টি আমাদের নজরে এসেছে। খুচরা পর্যায়ে দাম বাড়ার এটি একটি বড় কারণ হতে পারে। সে কারণে সংশ্লিষ্ট প্রদেশগুলোকে হস্তক্ষেপ করা এবং সরবরাহ বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে।’ভারতে পেঁয়াজের মূল্য পরিস্থিতি পর্যালোচনায় সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিব অজিত শেঠের সভাপতিত্বে একটি কমিটি গঠন করা হয়। কমিটি তাদের প্রতিবেদনে বলেছে, ‘মনে হচ্ছে, যেসব পেঁয়াজ মজুত করা হয়েছিল, সেগুলো খুব ধীরে বাজারে ছাড়া হচ্ছে। এর কারণে সরবরাহ কমে গেছে। আর অব্যাহত চাহিদার কারণে পেঁয়াজের দাম দ্রুতই বেড়েছে।’মূলত নাসিকের প্রধান দুই বাজার পিমপালগাঁও ও নাসালগাঁও থেকেই পেঁয়াজের দামের করসাজি করা হয়েছে। চুক্তির শর্ত ভেঙে এই দুই বাজারে প্রতি কুইন্টাল (১০০ কেজি) পেঁয়াজ পাঁচ হাজার রুপিতেও বিক্রি করা হয়েছে।দাম বাড়ানোর কৌশল শনাক্ত করার পর ভারত সরকার দাম কমিয়ে আনার কৌশলের দিকেও যাচ্ছে। এ জন্য পেঁয়াজ আমদানির সুযোগ দেওয়ার বিষয়টি উন্মুক্ত করার পরিকল্পনা করছে, যেন বাজার হারানোর ভয়ে মজুত করা পেঁয়াজ বাজারে ছেড়ে দেয় কারসাজিকারীরা।এদিকে ভারতে পেঁয়াজের দাম বাড়ার খড়্গ কিছুটা পড়তে পারে দেশটি থেকে পেঁয়াজ আমদানি করা দেশগুলোর ওপর। ইতিমধ্যে দেশটি এমন কয়েকটি পদক্ষেপ নিয়েছে, যাতে মূলত পেঁয়াজ রপ্তানি নিরুৎসাহিত করার ইঙ্গিতই দেওয়া হয়েছে।সরকারি পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে, ১০ দিনের মধ্যে ভারতে পেঁয়াজের দাম না কমলে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিতে পারে। এ তথ্য জানিয়েছেন দেশটির খাদ্য ও ভোক্তাবিষয়কমন্ত্রী। এর আগে দেশটির কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয় প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানিমূল্য ৬৫০ ডলার নির্ধারণ করে দেয়।সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও কমোডিটি অনলাইন।