ভারতে দুগ্ধ বিক্রির এটিএম চালু হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচলিত এটিএম (অটোমেটেড টেলার মেশিন) থেকে যেমন নগদ টাকা তোলা যায়, তেমনি এটিএমের মতো স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে চকলেট এবং কোমলপানীয় কেনার ব্যবস্থাও রয়েছে। তবে এ ক্ষেত্রে ভারতীয় কোম্পানি আমুল আরেক ধাপ এগিয়ে গেছে। তারা চালু করেছে ‘এনি টাইম মিল্ক’ নামে দুধ বিক্রির নতুন এক যন্ত্র।
গুজরাট রাজ্যের আনন্দে আমুল ডেইরির ফটকে সম্প্রতি পরীক্ষামূলকভাবে এই ‘এটিএম’ স্থাপন করা হয়েছে, যা সপ্তাহে সাত দিনই ২৪ ঘণ্টা খোলা থাকে। 
আমুল ডেইরির মালিক খেডা জেলা দুগ্ধ উৎপাদনকারী ইউনিয়নের চেয়ারম্যান রামসিন পার্মার বিজনেস লাইন পত্রিকাকে বলেন, ‘খেডা ও আনন্দ জেলার এক হাজার ১০০টি মান্দালিসের (গ্রাম পর্যায়ে দুগ্ধ সংগ্রহ কেন্দ্র) প্রতিটিতে এ ধরনের এটিএম স্থাপনের পরিকল্পনা রয়েছে আমাদের।’
রামসিন পার্মার জানান, আনন্দ এবং খেডা শহরের জনসমাগমের স্থানগুলোতেও এই এটিএম স্থাপন করা হবে, যাতে ভোক্তারা যখন প্রয়োজন হবে, তখনই আমুলের দুগ্ধপণ্য কিনতে পারেন।
এ প্রকল্পের আর্থিক সম্ভাবনা নিয়ে আমুল ইতিমধ্যে খেডা জেলা সমবায় ব্যাংকের সঙ্গে আলোচনা শুরু করেছে বলে জানান রামসিন পার্মার।
তবে আমুলের এটিএমে ভারতীয় ১০ রুপির নোটই হবে পাঠযোগ্য। অর্থাৎ এই নোটের মাধ্যমেই ভোক্তাদের আমুলের দুগ্ধ ক্রয় করতে হবে। এর বিনিময়ে তাঁরা পাবেন ৩০০ মিলিলিটার আমুল তাজা দুধের থলে বা প্যাকেট। এতে রেফ্রিজারেশন বা দুগ্ধ শীতলকরণের ব্যবস্থা আছে। প্রতিটি এটিএমে একসঙ্গে দেড় শ প্যাকেট দুগ্ধ রাখার ব্যবস্থা রয়েছে।
খেড়া জেলা দুগ্ধ উৎপাদনকারী ইউনিয়ন আনন্দ ও খেডায় আমুল ব্র্র্যান্ডের দুগ্ধপণ্য বিপণন করে থাকে। আর গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (জিসিএমএমএফ) সর্বত্রই এ পণ্য বাজারজাত করে।