ভারতে নতুন ব্যাংকের জন্য ২৬ আবেদন

ভারতে নতুন ব্যাংকের লাইসেন্স বা নিবন্ধন পাওয়ার জন্য সরকারি-বেসরকারি ২৬টি প্রতিষ্ঠান আবেদন করেছে।
দেশটির অর্থমন্ত্রী পি চিদাম্বরম বলেছেন, মোট কতটি প্রতিষ্ঠানকে ব্যাংক পরিচালনার নিবন্ধন দেওয়া হবে, সে সম্পর্কে নির্দিষ্ট কোনো সীমা নেই।
বার্তা সংস্থা পিটিআইকে পি চিদাম্বরম বলেছেন, ‘আমি মনে করি না যে ব্যাংকের নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে কোনো সীমা রয়েছে। কতটি প্রতিষ্ঠানকে এই নিবন্ধন প্রদান করা হবে, সেটিও মনের মধ্যে রয়েছে বলে আমি মনে করি না। সবকিছুই নির্ভর করে কতগুলো প্রতিষ্ঠান এটি পাওয়ার উপযুক্ত তার ওপর। সত্য কথা হচ্ছে, কেউ আবেদন করলেই সে কিন্তু ব্যাংকের নিবন্ধন পাওয়ার যোগ্য হয়ে যায়নি।’
পি চিদাম্বরম আরও বলেন, ‘যদি অল্প কয়েকটি প্রতিষ্ঠান উপযুক্ত বলে বিবেচিত হয়, তাহলে নিবন্ধন পাওয়া নতুন ব্যাংকের সংখ্যাও হবে কম। আমি মনে করি না যে কেন্দ্রীয় ব্যাংকের (রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া-আরবিআই) নিবন্ধন দেওয়ার ব্যাপারে গভর্নরের মাথায় সর্বোচ্চ কোনো সীমা নির্দিষ্ট রয়েছে।’
গত সোমবার আরবিআই জানায়, নতুন ব্যাংকের নিবন্ধন পেতে ২৬টি প্রতিষ্ঠান আবেদন করেছে। এর মধ্যে টাটা সন্স, আদিত্য বিড়লা নুভো, এলআইসি হাউজিং ফিন্যান্স, ডাক বিভাগ, রিলায়েন্স ক্যাপিটাল, এল অ্যান্ড টি ফিন্যান্স, আম্বানী ও বাজাজ ফিনসার্ভ প্রভৃতি শীর্ষস্থানীয় ব্যবসায়িক গোষ্ঠীও রয়েছে।
প্রসঙ্গত, নতুন ব্যাংকের নিবন্ধন পাওয়ার জন্য আবেদনের শেষ তারিখ ছিল ১ জুলাই সোমবার। আগামী বছরের মার্চ নাগাদ আরবিআই নতুন ব্যাংকের নিবন্ধন দেবে বলে আশা করা হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডি সুব্বারাও এর আগে জানিয়ে দিয়েছেন, ‘সব আবেদনকারীকে নতুন ব্যাংক খোলার নিবন্ধন দেওয়া হবে না। সার্বিক বিবেচনায় উপযুক্ত আবেদনকারীই ব্যাংকের অনুমোদন পাবে।’
আরবিআই জানিয়েছে, নতুন ব্যাংকের নিবন্ধন পাওয়ার পর শাখা খুলতে ১৮ মাস সময় দেওয়া হবে।
বর্তমানে ভারতে কেন্দ্রীয়ভাবে ২৬টি সরকারি ও ২২টি বেসরকারি এবং আঞ্চলিক পর্যায়ে ৫৬টি গ্রামীণ ব্যাংক রয়েছে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।