ভারতে নয় বছর পর রেলভাড়া বাড়ছে
ভারতে দীর্ঘ নয় বছর পর রেলগাড়ির যাত্রীভাড়া বাড়ছে। প্রতি কিলোমিটার পথে সর্বনিম্ন দুই পয়সা থেকে শুরু করে সর্বোচ্চ ৩০ পয়সা পর্যন্ত বাড়ানো হচ্ছে ভাড়া। ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় গতকাল বুধবার উত্থাপিত ২০১২-১৩ অর্থবছরের রেল বাজেটে কেন্দ্রীয় রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদি এই প্রস্তাব দেন।রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদি প্রতি কিলোমিটারে ভাড়া লোকাল ট্রেনে দুই পয়সা, সাধারণ স্লিপার ক্লাসে পাঁচ পয়সা, শীতাতপনিয়ন্ত্রিত প্রথম শ্রেণীতে ৩০ পয়সা, শীতাতপনিয়ন্ত্রিত টু ও থ্রি টায়ারে যথাক্রমে ১৫ ও ১০ পয়সা বাড়ানোর প্রস্তাব করেন। এ ছাড়া তিনি প্ল্যাটফর্ম টিকিটের দাম ৩ রুপি থেকে বাড়িয়ে পাঁচ রুপিতে নির্ধারণের প্রস্তাব দেন।দীনেশ ত্রিবেদি দেশের রেলপথের নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাঁর প্রথম ও প্রধান কাজ বলে উল্লেখ করেন। প্রথমবারের মতো দেওয়া রেল বাজেট বক্তৃতায় তিনি বলেন, ‘রেল খাতে আমার মনোযোগের প্রধান বিষয়ই হবে নিরাপত্তা, নিরাপত্তা, নিরাপত্তা ও নিরাপত্তা। এর পাশাপাশি তিনি রেলপথের সমপ্রসারণ ও আধুনিকায়ন, রেল দুর্ঘটনা কমানোর বিষয়ে জোর দেন। দীনেশ ত্রিবেদি ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে বাংলাদেশের সঙ্গে রেল যোগাযোগ স্থাপনের ওপর জোর দেন। এ ক্ষেত্রে তিনি ত্রিপুরা থেকে বাংলাদেশের আখাউড়া পর্যন্ত রেললাইন স্থাপনে একটি প্রকল্প নেওয়ার প্রস্তাব দেন। তিনি বলেন, এর ফলে শুধু বাংলাদেশের সঙ্গেই দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হবে না, বরং ভায়া বাংলাদেশ হয়ে কলকাতা থেকে ত্রিপুরায় আসা-যাওয়ায় সময় বাঁচবে ও পর্যটনের বিকাশ ঘটবে। রেলমন্ত্রী জানান, দূরপাল্লার রেলের গতিবেগ বাড়িয়ে ঘণ্টায় ১৬০ কিলোমিটারে উন্নীত করার পদক্ষেপ নেওয়া হবে, যা বর্তমানে ৯০ থেকে ১০০ কিলোমিটার। নতুন পদক্ষেপের ফলে নয়াদিল্লি থেকে কলকাতা পথে আসা বা যাওয়ার সময় ১৭ ঘণ্টা থেকে কমিয়ে ১৪ ঘণ্টায় আনা হবে।তৃণমূল কংগ্রেসদলীয় এই মন্ত্রী আগামী অর্থবছরে ১৯ হাজার কিলোমিটার রেলপথ আধুনিকায়ন এবং আগামী ১০ বছরে রেলওয়ের উন্নয়নে ১৪ লাখ কোটি রুপি ব্যয়ের পরিকল্পনা তুলে ধরেন। নতুন রেল বাজেটে আয় দেখানো হয়েছে এক লাখ ৩২ হাজার ৫৫২ কোটি রুপি। আর ব্যয় দেখানো হয়েছে ৮৪ হাজার কোটি রুপি। রেলমন্ত্রী জানান, রেলের সুরক্ষা বাড়াতে আগামী পাঁচ বছরের মধ্যে দেশব্যাপী ৩৪ হাজার লেভেল ক্রসিংয়ের সব কটিতেই রক্ষী নিয়োগ করা হবে। রেলমন্ত্রী সাহিত্যিক বঙ্কিম চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর নামে পশ্চিমবঙ্গের নৈহাটিতে একটি জাদুঘর স্থাপনের প্রস্তাব করেন।প্রসঙ্গত, বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম রেলপথ রয়েছে ভারতে। যেটির মোট দৈর্ঘ্য ৬৪ হাজার কিলোমিটার। দেশটিতে প্রতিদিন অন্তত দুই কোটি ৩০ লাখ যাত্রী রেলপথে যাতায়াত করে।