ভারতের দেওয়া শুল্ক ও কোটামুক্ত সুবিধা কাজে লাগিয়ে দেশটিতে বাংলাদেশি পণ্যের রপ্তানি দ্বিগুণ করা সম্ভব বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বাণিজ্যমন্ত্রী বলেন, তামাক ও অ্যালকোহল ছাড়া প্রায় সব পণ্যেই শুল্ক ও কোটামুক্ত বাজার প্রবেশাধিকার দিয়েছে ভারত। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেশটিতে পণ্য রপ্তানিতে অশুল্ক বাধা রয়েই গেছে। এসব বাধা দূর করা গেলে দেশটিতে পণ্য রপ্তানি ১০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে।
সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরনের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
উল্লেখ্য, ২০১২-১৩ অর্থবছরে ভারতে ৫৬ কোটি ডলারের বাংলাদেশি পণ্য রপ্তানি হয়েছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, পঙ্কজ সরনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্যবিষয়ক বিদ্যমান সব সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। সমাধানের জন্য শিগগিরই দুই দেশের সচিবপর্যায়ে ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হবে।
বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমার—এই চার দেশের সমন্বয়ে প্রস্তাবিত নতুন আঞ্চলিক জোট ‘বিসিআইএম’ গঠন এখন চূড়ান্ত পর্যায়ে বলে উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এটা নিয়েও ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। সার্ক থেকেও বেশি লাভবান হওয়া যাবে এই বিসিআইএম থেকে।
বাণিজ্যমন্ত্রী বলেন, বিসিআইএম হলে যোগাযোগ (কানেকটিভিটি) বাড়বে। যোগাযোগ বাড়লে রপ্তানি এবং বৈদেশিক বিনিয়োগও বাড়বে। এক প্রশ্নের জবাবে কানেকটিভিটি আর ট্রানজিট এক নয় বলে মন্তব্য করেন তিনি।
আরেক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ জানান, ভারতে ইলিশ রপ্তানি বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। এক বছর ধরে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ থাকলেও বাস্তবে বন্ধ হয়নি—এই প্রসঙ্গে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘অনানুষ্ঠানিকভাবে ইলিশ যাচ্ছে ভারতে। আনুষ্ঠানিকভাবে গেলে আপত্তি কোথায়?’
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন। তিনি বলেন, বাংলাদেশি পণ্য রপ্তানি বৃদ্ধির জন্য ভারত সরকার অঙ্গীকারবদ্ধ। ভারতে সম্প্রতি বাংলাদেশি পণ্য রপ্তানি বেড়েছেও। তার পরও বাণিজ্য ব্যবধানটা বেশি। এই ব্যবধান কীভাবে কমিয়ে আনা
যায়, সে জন্য আগামী দুই মাসের মধ্যে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।