ভারতে পাতালরেলে আকাশছোঁয়া ব্যয়

ভারতের ২২টি শহরে গণপরিবহন খাতের উন্নয়নে সব মিলিয়ে প্রায় দুই লাখ কোটি রুপির উচ্চাভিলাষী প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর আওতায় বিদ্যমান সাবওয়ে বা পাতালরেলের সম্প্রসারণ ও নতুনভাবে মেট্রোরেল চালু করা হবে।
যুগ যুগ ধরে গণপরিবহন খাত অবহেলিত থাকার প্রেক্ষাপটে এবার রাজ্য সরকারগুলো এদিকে নজর দিয়েছে। তারা মোট যে পরিমাণ অর্থ ব্যয় করতে যাচ্ছে, তা তিন হাজার ৩০০ কোটি মার্কিন ডলার বা বাংলাদেশের দুই লাখ ৫৯ হাজার কোটি টাকার সমান (প্রতি ডলার ৭৮.৫০ টাকা হিসাবে)। সরকারি উপাত্ত হিসাব করে ব্লুমবার্গ নিউজ এই খবর পরিবেশন করেছে।
এদিকে বাংলাদেশে গণপরিবহন খাতের অবস্থা এখনো তথৈবচ। রাজধানী ঢাকাকেন্দ্রিক তিনটি প্রকল্প নেওয়া হলেও একটির কাজ উদ্বোধনের পর বন্ধ হয়ে গেছে। বাকি দুটির নকশা প্রণয়নের কাজ চলছে মাত্র।
ব্লুমবার্গ জানায়, ১২০ কোটি মানুষের দেশ ভারতের সব কটি মেট্রোরেলে যাত্রীবহনের সক্ষমতা যোগ করলেও তা এখনো যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের চেয়ে কম হবে।
নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোিদর অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বিভিন্ন শহরে বুলেট ট্রেন চালু করা ও মোটর গাড়ির ওপর নির্ভরতা কমানো। সে অনুযায়ী দেশটির অবকাঠামো খাতে ব্যাপক বিনিয়োগ হতে চলেছে। বায়ুদূষণ ও যানজট বেড়ে যাওয়ায় এ ধরনের পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অনুমিত হিসাব অনুযায়ী সড়কপথে অতিরিক্ত চাপের কারণে যে ক্ষতি হয় তা ভারতের মোট দেশজ উৎপাদনের কমপক্ষে ২ শতাংশ (৩,৭০০ কোটি ডলার) হবে। দেশটির জিডিপির আকার হলো এক লাখ ৮৭ হাজার কোটি ডলারের সমান।
ভারতে বর্তমানে মেট্রোরেলের মোট ২২৫ কিলোমিটার দীর্ঘ লাইন রয়েছে। এর মধ্যে ১৯০ কিলোমিটারই হলো রাজধানী দিল্লিকেন্দ্রিক।
মুম্বাইয়ে বার্কলেস ব্যাংকের বিশ্লেষক বেণুগোপাল গ্যারে বলেন, ‘ভারতে বায়ুদূষণ রোধ, গাড়ির ওপর নির্ভরতা কমানো, আন্তনগর কমিউটার সার্ভিস চালু এবং সড়কপথে অতিরিক্ত চাপ ও দুর্ঘটনা হ্রাসের জন্য ২০৩১ সাল নাগাদ মেট্রোরেলের লাইন এখনকার চেয়ে ১০ গুণ বাড়িয়ে আড়াই হাজার কিলোমিটারে উন্নীত করা প্রয়োজন।
এক কোটি ৮০ লাখের অধিক নাগরিকের শহর মুম্বাইয়ে মাত্র ১২ কিলোমিটার মেট্রোরেল লাইন এখন চালুর অপেক্ষায় আছে।
পর্যটনকেন্দ্র রাজস্থানের প্রবেশদ্বার জয়পুরে এ বছর ১৬০ কোটি ডলারে নির্মিত ৩৩ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল লাইন চালু হবে।
তবে ভারতে সর্বপ্রথম ১৯৮৪ সালে মেট্রোরেল চালু হয় পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়।
দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই ও উত্তরাঞ্চলের নতুন রাজ্য তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদে ২০১৫-১৭ সালের মধ্যে মেট্রোরেল চালুর আশা করছে ভারত।
কয়েকটি শহরে প্রথমবারের মতো মেট্রোরেল চালুর উদ্যোগ এখন পরিকল্পনার পর্যায়ে আছে। শহরগুলো হচ্ছে—কেরালা রাজ্যের কোচি, মহারাষ্ট্রের পুনে ও উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌ, আসামের রাজধানী গুয়াহাটি ও গুজরাটের আহমেদাবাদ।
প্রথমবারের মতো আরও যেসব রাজ্যে মেট্রোরেল চালু এখন পরিকল্পনার পর্যায়ে আছে কিংবা অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয়েছে সেগুলো হচ্ছে—বিশাখাপট্টনাম, সুরাত, ভোপাল, নাগপুর, রায়পুর, ইন্দোর, পাটনা, গুরগাঁও ইত্যাদি।
এ ছাড়া দিল্লি, বেঙ্গালুরু ও কলকাতায় মেট্রোরেল লাইন সম্প্রসারণ করা হচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশে মাত্র মেট্রোরেল প্রকল্পের বিশদ নকশা প্রণয়নের কাজ চলছে। উত্তরা তৃতীয় পর্ব থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত মেট্রোরেল করার লক্ষ্যে ২২ হাজার ৫৯৫ কোটি টাকার প্রকল্প রয়েছে। জাইকার অর্থায়নে ২০১৬ সালে এটির নির্মাণ শুরু হওয়ার কথা৷
সূত্র: ব্লুমবার্গ