ভারতে পাথর ভাঙা যন্ত্র রপ্তানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের রাজারহাট এলাকার রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তৈরি করা হচ্ছে ইট-পাথর ভাঙার মেশিন। ছবিটি গত রোববার তোলা l প্রথম আলো
যশোরের রাজারহাট এলাকার রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তৈরি করা হচ্ছে ইট-পাথর ভাঙার মেশিন। ছবিটি গত রোববার তোলা l প্রথম আলো

বছর পাঁচেক আগেও ভারত ও চীন থেকে পাথর ভাঙা প্ল্যান্ট (যন্ত্র) আমদানি হতো। তবে বিদেশি প্রযুক্তি কাজে লাগিয়ে যন্ত্রটি এখন যশোরে তৈরি হচ্ছে। এখানকার চারটি হালকা প্রকৌশল শিল্পকারখানায় এই যন্ত্র তৈরি করে সারা দেশে পাঠানোর পাশাপাশি রপ্তানি করা হচ্ছে ভারতে। ভুটান ও পূর্ব তিমুরে বাংলাদেশি এই যন্ত্র রপ্তানির সুযোগ আছে। বাজার দুটি ধরতে সরকারের সহায়তা চান উদ্যোক্তারা।
যশোরে পাথর ভাঙা যন্ত্র ও যন্ত্রাংশ তৈরি করছে মেসার্স রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, অনিক ইঞ্জিনিয়ারিং, বাবুল ইঞ্জিনিয়ারিং ও বন্ধন ইঞ্জিনিয়ারিং। এসব প্রতিষ্ঠান থেকে মাসে গড়ে ৫০টিরও বেশি পাথর ভাঙা মেশিন সারা দেশে পাঠানো হচ্ছে। এ ছাড়া বছরে অন্তত পাঁচটি যন্ত্র ভারতে রপ্তানি হচ্ছে।
যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট এলাকায় রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ইট ও পাথর ভাঙা মেশিন তৈরি করা হয়। সম্প্রতি কারখানাটিতে গিয়ে দেখা গেল, একই সঙ্গে ৮-১০টি ইট ও পাথর ভাঙা মেশিন তৈরির কাজ চলছে। কোনোটির কাজ শেষ পর্যায়ে, রঙের কাজ চলছে। কোনোটির ইঞ্জিন বসানো হচ্ছে। একটি পাথর ভাঙা মেশিন তৈরি করতে ১৬ থেকে ১৮ জনের দুই থেকে তিন দিন সময় লাগে বলে জানালেন কারিগরেরা।
রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের স্বত্বাধিকারী আশরাফুল ইসলাম। তিনি জানান, ১৯৯০ থেকে ২০০৫ সাল পর্যন্ত ভারত, চীন ও কোরিয়া থেকে পাথর ভাঙা মেশিন আমদানি হতো। ২০০২ সালে চীনা প্রযুক্তি কাজে লাগিয়ে একটি মেশিন তৈরি করে পঞ্চগড়ে পাথর ভাঙার কাজে লাগানো হয়। চীন ও ভারত থেকে আমদানি করা যন্ত্র স্থায়ী প্ল্যান্ট ও বিদ্যুৎ-চালিত। তাতে ৫০ লাখ থেকে ৩ কোটি টাকা খরচ হয়। সেখানে মাত্র তিন থেকে সাড়ে পাঁচ লাখ টাকা খরচে যশোরে ওই যন্ত্র তৈরি হয় যশোরে। বিদ্যুতের বদলে ডিজেল আর স্থায়ী প্ল্যান্টের বদলে স্থানান্তরযোগ্য বলে যন্ত্রটি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে।

আশরাফুল ইসলাম বলেন, ‘দেশের চাহিদা মিটিয়ে ২০১১ সালে ভারতের ত্রিপুরা ও আসামে ছয়টি মেশিন রপ্তানি করা হয়। পাঁচ বছরে ৩০টির মতো মেশিন ভারতের বিভিন্ন প্রদেশে গেছে। পূর্ব তিমুরেও আমাদের তৈরি যন্ত্রের সম্ভাবনাময় বড় বাজার রয়েছে। সেখানে রপ্তানির জন্য ব্যবসায়ীদের সঙ্গে কথাবার্তা চলছে।’

শিল্পোদ্যোক্তারা জানান, পাথরের কাঠিন্য বুঝে মেশিনের কাঠামো ও ইঞ্জিন তৈরি করা হয়। সব অঞ্চলের পাথরের কাঠিন্য এক রকম না। অঞ্চলভেদে মেশিনে যন্ত্রপাতি ভিন্ন হয়। এর ভিত্তিতে দাম ওঠানামা করে। তিন থেকে সাত লাখ টাকা দামে দেশের বাজারে পাথর ভাঙা মেশিন বিক্রি হয়। সিলেট, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জসহ পাথর উৎপাদন হয়—এমন জায়গায় যশোরের মেশিন যায়। এ ছাড়া দেশের প্রায় সব জায়গায় এখান থেকে ইট ভাঙা মেশিন যায়।

অনিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রিবাতুল হক বলেন, ‘আমাদের কারখানায় মাসে অন্তত ২০টি পাথর ভাঙা মেশিন তৈরি হয়।’

কুড়িগ্রামের পাথর ব্যবসায়ী আবু বকর সিদ্দিকী বলেন, ‘চট্টগ্রামে তৈরি পাথর ভাঙা মেশিনের দাম পাঁচ লাখ টাকা হলে যশোরে লাগে সাড়ে চার লাখ টাকা। যশোরের পণ্যের গুণগত মান ভালো। দামেও সস্তা। যে কারণে আমরা যশোর থেকে মেশিনটি বেশি কিনি।’

বাবুল ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্বাধিকারী বাবুল তালুকদার বলেন, ‘আমাদের তৈরি পাথর ভাঙা যন্ত্রের ব্যাপক চাহিদা রয়েছে ভুটানে। সাত বছর ধরে ভুটানে রপ্তানির চেষ্টা করলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে এখনো তা সম্ভব হয়নি। সরকারি সহায়তা পেলে সুযোগটি কাজে লাগানো যাবে।’   

বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং মালিক সমিতি যশোর জেলা শাখার সহসভাপতি রিপন ইঞ্জিনিয়ারিংয়ের আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘একটি পণ্যের আমদানি ঠেকিয়ে দেশের বাজারের চাহিদা মিটিয়ে রপ্তানিতে নিয়ে যাওয়া নজিরবিহীন ঘটনা। কৃষি ও হালকা শিল্প বাংলাদেশে এখনো অবহেলিত।’ তিনি বলেন, ‘সরকারি পৃষ্ঠপোষকতা পেলে জাহাজ, রেল ও বিদ্যুৎ প্ল্যান্টে ব্যবহৃত অনেক যন্ত্র আমদানি করা লাগবে না। এসব আমরাই উৎপাদন করতে পারি।’