ভারতে পেট্রল ও ডিজেলের দাম আবার বাড়ল
চলতি বছরে এই নিয়ে ভারতে দ্বিতীয়বার পেট্রলের ও পঞ্চমবার ডিজেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। পেট্রলের মূল্য বাড়ানো হয়েছে লিটারপ্রতি ৭৫ পয়সা আর ডিজেলের লিটারপ্রতি ৫০ পয়সা। গত শুক্রবার গভীর রাত থেকেই এই বর্ধিত মূল্য কার্যকর হয়েছে। এর ফলে কলকাতায় পেট্রলের লিটারপ্রতি মূল্য দাঁড়িয়েছে ৭১ দশমিক ২৯ রুপি এবং ডিজেল লিটারপ্রতি ৫৪ দশমিক ৫৬ রুপি। আর দিল্লিতে এই মূল্য গিয়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৬৩ দশমিক ৯৯ ও ৫০ দশমিক ২৫ রুপি। মার্কিন ডলারের বিপরীতে রুপির মূল্য কমে যাওয়ায় এই মূল্য বেড়েছে বলে জানা গেছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য ভারত সরকার ইন্ডিয়ান অয়েল করপোরেশনকে মাসে ৫০ পয়সা পর্যন্ত ডিজেলের মূল্য বৃদ্ধির অনুমতি দেয়। সেই লক্ষ্যে চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত চার দফায় ডিজেলের মূল্য বাড়ানো হয়েছে। আর পেট্রলের মূল্য সর্বশেষ বাড়ানো হয়েছিল মার্চ মাসে।