ভারতে পেট্রলের দাম কমল
ভারতে গতকাল মঙ্গলবার থেকে পেট্রলের দাম কমেছে। মার্কিন ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রা রুপির দাম বাড়ার প্রেক্ষাপটে ইন্ডিয়ান অয়েল কোম্পানি (আইওসি) সোমবার পেট্রলের নতুন এই দাম ঘোষণা করে। আইওসির নয়াদিল্লির পেট্রলপাম্পগুলোতে প্রতি লিটার পেট্রলের দাম ৬৮ দশমিক ৪৬ রুপি থেকে ৫৬ পয়সা কমিয়ে এখন ৬৭ দশমিক ৯০ রুপিতে বিক্রি করা হচ্ছে। এ ছাড়া লিটারপ্রতি মুম্বাইতে ৭১ পয়সা কমিয়ে ৭৪ দশমিক ৪৩ রুপি, কলকাতায় ৭০ পয়সা কমিয়ে ৭৫ দশমিক ৪৪ রুপি ও চেন্নাইয়ে ৭১ পয়সা কমিয়ে ৭১ দশমিক ৪৮ রুপিতে বিক্রি হচ্ছে। খবর বাসস ও পিটিআইর। এদিকে রাষ্ট্রায়ত্ত অপর দুই কোম্পানি ভারত পেট্রোলিয়াম করপোরেশন ও হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশনও দাম কমাবে বলে ধারণা করা হচ্ছে। ২০১০ সালের জুনে ভারত সরকার তেল কোম্পানিগুলোকে তাদের ব্যয় অনুযায়ী পেট্রলের মূল্য নির্ধারণের স্বাধীনতা দেয়।এর আগে গত ২৪ জুন ভারতে সর্বশেষ পেট্রলের দাম লিটারপ্রতি ৭০ পয়সা বাড়ানো হয়েছিল। পেট্রলসহ জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় সেসময় ভারতজুড়ে বড় ধরনের প্রতিবাদ ও বিক্ষোভ দেখা দিয়েছিল।