ভারতে পেট্রলের দাম কমল লিটারপ্রতি দুই রুপি
দেশজুড়ে তীব্র আন্দোলনের মুখে অবশেষে ভারত সরকার পেট্রলের দাম লিটারপ্রতি দুই রুপি কমানোর সিদ্ধান্ত নিয়েছে, যা গতকাল শনিবার মধ্যরাত থেকে কার্যকর হওয়ার কথা। এর আগে গত ২৩ মে ভারত সরকার পেট্রলের দাম এক ধাপে লিটারপ্রতি ৭ দশমিক ৫৪ রুপি বাড়ায়। এতে প্রতি লিটার পেট্রলের দাম দাঁড়ায় ৭৭ দশমিক ৮৮ রুপি। হঠাৎ করে এই মূল্যবৃদ্ধিতে দেশজুড়ে আন্দোলন শুরু হয়। এমনকি কেন্দ্রীয় সরকারের শরিক তৃণমূল কংগ্রেসের নেত্রী ও পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামেন।এনডিএর ডাকে ৩১ মে দেশজুড়ে পালিত হয় ১২ ঘণ্টার ভারত বন্ধ্ কর্মসূচি। বাম দলেরা ২৪ মে থেকে শুরু করে লাগাতার আন্দোলন। ৩১ মে তারা দেশজুড়ে পালন করে প্রতিবাদ কর্মসূচি। দেশব্যাপী এই তীব্র আন্দোলনের মুখে কেন্দ্রীয় সরকার গতকাল পেট্রলের দাম লিটারপ্রতি দুই রুপি কমানোর সিদ্ধান্ত ঘোষণা করে। এর ফলে প্রতি লিটার পেট্রলের দাম এখন পড়বে ৭৫ দশমিক ৮৮ রুপি।ভারতে ২০১০ সালের জুন থেকে এই পর্যন্ত ২৩ মাসে ১৪ দফায় পেট্রলের দাম লিটারপ্রতি ২৫ রুপিরও বেশি বেড়েছে।গত বছরের জুনে সর্বশেষ ডিজেল, কেরোসিন ও রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছিল।