ভারতে ফেব্রুয়ারিতে রপ্তানি আয় কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্য রপ্তানি কমে যাওয়ায় ভারতের অর্থনীতি সাত মাস পরে হঠাৎ করে ধাক্কা খেয়েছে। সর্বশেষ গত ফেব্রুয়ারিতে দেশটির রপ্তানি আয় কমে দুই হাজার ৫৬৮ কোটি কোটি মার্কিন ডলারে নেমে এসেছে; যা গত বছরের একই সময়ের দুই হাজার ৬৬৬ কোটি ডলারের চেয়ে ৩ দশমিক ৬৭ শতাংশ কম।
এর ফলে ৩১ মার্চে সমাপ্য চলতি অর্থবছরে ৩২ হাজার ৫০০ কোটি ডলারের সার্বিক রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ, এই অর্থবছরের প্রথম ১০ মাস এপ্রিল-ফেব্রুয়ারিতে পণ্য রপ্তানি করে ভারতের মোট আয় হয়েছে ২৮ হাজার ২৭৭ কোটি ডলার। বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এসব তথ্য প্রকাশ করেছে।
অন্যদিকে আলোচ্য মাসে ভারতের পণ্য আমদানিও ১৭ শতাংশ কমে তিন হাজার ৩৮১ কোটি ডলারে নেমে আসে। অথচ আগের বছরের একই মাসে পণ্য আমদানিতে ব্যয় হয়েছিল চার হাজার ৭৯ কোটি ডলার।
পাশাপাশি চলতি অর্থবছরের প্রথম ১০ মাসের হিসাবে ভারতের মোট আমদানি ব্যয়ও ৮ দশমিক ৬৫ শতাংশ হ্রাস পেয়ে ৪১ হাজার ৮৬ কোটি ডলারের নেমে এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৪৪ হাজার ৯৭৮ কোটি ডলার।
এদিকে ফেব্রুয়ারিতে ভারতের বাণিজ্য ঘাটতির পরিমাণ কমে ৮১৩ কোটি ডলারে নেমে আসে; যা আগের বছরের একই মাসে ছিল এক হাজার ১২ কোটি ডলার। তবে এপ্রিল-ফেব্রুয়ারি সময়ে সামগ্রিক হিসাবে বাণিজ্য ঘাটতি বেড়ে ১২ হাজার ৮০৮ কোটি ডলারে উন্নীত হয়েছে। আগের বছরের একই সময়ে এই ঘাটতি ছিল এক হাজার ৭৯৯ কোটি ডলার। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড