ভারতে বিদেশি মুদ্রার মজুদ এখন ২৯ হাজার কোটি ডলারের ওপরে
ভারতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুদ বেড়ে ২৯ হাজার ৪৮১ কোটি মার্কিন ডলারে উন্নীত হয়েছে।দেশটিতে গত ২৮ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে বিদেশি মুদ্রার মজুদ ৮৩ কোটি ৮০ লাখ ডলার বেড়ে তা এ পর্যায়ে উঠেছে। এর আগের সপ্তাহে অবশ্য ভারতে মজুদ ৫০ কোটি ২৪ লাখ ডলার কমে ২৯ হাজার ৩৯৭ কোটি ডলারে নেমে গিয়েছিল। দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) এই উপাত্ত প্রকাশ করেছে।আরবিআইয়ের উপাত্তে দেখা গেছে, বিশেষ করে স্বর্ণের মজুদ বাড়ার সুবাদে ভারতে বৈদেশিক মুদ্রার মজুদে ইতিবাচক প্রভাব পড়েছে। আলোচ্য সপ্তাহে (২৮ সেপ্টেম্বর সমাপ্ত) স্বর্ণের মজুদ ১৮৯ কোটি ডলার থেকে বেড়ে এক লাফে দুই হাজার ৮১৩ কোটি ৩০ লাখ ডলারে উঠেছে।একই সপ্তাহে মজুদের প্রধান উপাদান বৈদেশিক মুদ্রা-সম্পদের (ফরেইন কারেন্সি অ্যাসেটস) পরিমাণ ১০৭ কোটি দুই লাখ ডলার কমে ২৫ হাজার ৯৯৬ কোটি ডলারে নেমেছে।আলোচ্য সপ্তাহে ভারতে স্পেশাল ড্রয়িং রাইটস (এসডিআর) ৯৫ লাখ ডলার কমে ৪৪৫ কোটি ডলারে নেমে আসে।এ ছাড়া আন্তর্জাতিক মুদ্রার তহবিলে (আইএমএফ) ভারতের রিজার্ভ বা মজুদের পরিমাণ দুই কোটি ৬৫ লাখ ডলার বেড়ে ২২৭ কোটি ডলারে উন্নীত হয়েছে। সূত্র: বাসস ও পিটিআই।