ভারতে বিনিয়োগের সামর্থ্য রাখেন বাংলাদেশিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ব্যবসায়ীরা এখন ভারতে বিনিয়োগের সামর্থ্য রাখেন বলে মনে করে ভারতের একটি বাণিজ্য প্রতিনিধিদল। বাংলাদেশ সফরে এসে ওই দলের একজন সদস্য বলেছেন, আগে শুধু ভারত থেকে বাংলাদেশে রপ্তানি ও বিনিয়োগের কথা ভাবা হতো। এখন বাংলাদেশে অসংখ্য লোক আছেন, যাঁরা ভারতে বিনিয়োগে সক্ষম।

ভারতের পশ্চিমবঙ্গে অনুষ্ঠেয় একটি বৈদ্যুতিক সরঞ্জামের প্রদর্শনীতে বাংলাদেশের উদ্যোক্তাদের আমন্ত্রণ জানাতে প্রতিনিধিদলটি বাংলাদেশে এসেছে। এ দলের নেতৃত্বে আছেন ইন্ডিয়ান ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (আইইইএমএ) চেয়ারম্যান আর কে সাহা। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সঙ্গে গতকাল সোমবার তাঁদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশের ব্যবসায়ীদের ভারতে বিনিয়োগের সামর্থ্যের বিষয়টি তুলে ধরেন আইইইএমএর চেয়ারম্যান (ইনস্যুলেটর বিভাগ) ও পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বেঙ্গল চেম্বারের সাবেক সভাপতি এস কে ঘোষ। তিনি বলেন, ‘আমরা এখন যৌথভাবে ব্যবসার উন্নয়ন ঘটাতে চাই। একতরফা নয়।’ তিনি আরও বলেন, বাংলাদেশের বিদ্যুৎ ও বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদন খাতে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে। ভবিষ্যতে তারা আরও বড় হবে। ভারতের ব্যবসায়ীরা তাদের সঙ্গে পারস্পরিক আদান-প্রদানের মাধ্যমে সম্পর্ক গড়ে তুলতে চান।

আগামী ১৮ থেকে ২০ নভেম্বর কলকাতার মিলনমেলা মাঠে অনুষ্ঠেয় ‘ই৩’ নামের একটি বৈদ্যুতিক সরঞ্জামের প্রদর্শনীতে বিভিন্ন দেশের ১০০টি প্রতিষ্ঠান অংশ নেবে। এর আয়োজন করেছে আইইইএমএ। এফবিসিসিআইয়ের সঙ্গে বৈঠকের আগে তারা এনার্জিপ্যাক নামের একটি বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে।

এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ বৈঠকে বলেন, বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনে ব্যাপক গুরুত্ব দিয়েছে। ফলে দেশের বিদ্যুৎ উৎপাদনক্ষমতা এখন ১৪ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছে, কিন্তু ব্যবহার করা যাচ্ছে ৮ থেকে ৯ হাজার মেগাওয়াট। এর কারণ হলো, দেশের বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থা উন্নত নয়।

মাতলুব আহমাদ বলেন, ‘আমরা চাই, বিদ্যুৎ সঞ্চালনে বিনিয়োগ উন্মুক্ত করে দেওয়া হোক। যাতে এখানে বেসরকারি খাত বিনিয়োগ করতে পারে। বিষয়টি আমি প্রধানমন্ত্রীর কাছেও বলেছি।’

ভারতের সঙ্গে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এখন তুঙ্গে উল্লেখ করে মাতলুব আহমাদ বলেন, এটাকে কাজে লাগিয়ে ব্যবসা সম্প্রসারণ করতে হবে। পৃথিবীতে দুটি দেশ এখন অর্থনীতিতে সবচেয়ে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে—একটি ভারত, অপরটি বাংলাদেশ। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের হারের দিক দিয়ে বাংলাদেশ এখন বিশ্বে দ্বিতীয়।

আইইইএমএর সহসভাপতি হরিশ আগারওয়াল বলেন, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান ও মিয়ানমারে বৈদ্যুতিক সরঞ্জামের বড় বাজার আছে। ফলে এসব দেশের ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতার বড় সুযোগও আছে।

অনুষ্ঠানে রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, ব্যবসায়ী শেকিল চৌধুরী এবং বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।