ভারতে ব্যাংক ধর্মঘটে ১০ কোটি চেক আটকে গেল

কর্মকর্তা-কর্মচারীদের দুই দিনের ধর্মঘটের প্রথম দিন গতকাল সোমবার ভারতজুড়ে ব্যাংক খাতের নিকাশঘরে (ক্লিয়ারিং হাউস) প্রায় ১০ কোটি চেক আটকে পড়েছে। নিষ্পত্তি না হওয়া এসব চেকের মোট অর্থের পরিমাণ সাত লাখ ৪০ হাজার কোটি রুপি।
এ ছাড়া অনেক জায়গায় এটিএম বুথগুলো একেবারেই কাজ করেনি কিংবা করলেও তাতে কোনো অর্থ ছিল না। একই সঙ্গে সরকারের ব্যাংকিং লেনদেন, বৈদেশিক মুদ্রা বিনিময় ও মুদ্রা বাজারের কার্যক্রম বিঘ্নিত হয়েছে।
ব্যাংক খাতের কর্মকর্তা-কর্মচারীদের বেতন সংশোধন এবং পশ্চাৎ-মুখী সংস্কার কার্যক্রম বন্ধের দাবিতে দেশব্যাপী এই ধর্মঘট ডেকেছে ইউনাইটেড ফোরাম অব ব্যাংকস ইউনিয়ন (ইউএফবিইউ)। এ সংগঠন নয়টি ব্যাংকের কর্মচারী ইউনিয়ন নিয়ে গঠিত। ব্যাংকগুলো হচ্ছে এআইবিইএ, এআইবিওসি, এনসিবিই, এআইবিওএ, বিইএফআই, আইএনবিইএফ, আইএনবিওসি, এনওবিডব্লিউ ও এনওবিও বা নোবো। খবর বিজনেস স্ট্যান্ডার্ডের।
অল ইন্ডিয়া এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সি এইচ ভেঙ্কটাচালাম জানান, গতকাল দেশজুড়ে প্রায় সাত লাখ ৪০ হাজার কোটি রুপি মূল্যমানের ১০ কোটি চেক নিষ্পত্তি হয়নি।
ইউএফবিইউর নেতারা বলছেন, ২০১২ সালের নভেম্বরেই ব্যাংক খাতের কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো প্রাপ্য হয়ে আছে। কিন্তু ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন (আইবিএ) এক বছরেরও বেশি সময় ধরে তা ঝুলিয়ে রেখেছে।
এদিকে নচিকেত মুর কমিটি ভারতের সব নাগরিকের কাছেই ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার সুপারিশ করেছে। সেই অনুযায়ী ভারতীয় ব্যাংকগুলোকে আরও ৫০ কোটি অ্যাকাউন্ট বা হিসাব খুলতে হবে।
এ প্রসঙ্গে সি এইচ ভেঙ্কটাচালাম বলেন, ‘আমরা এরই মধ্যে সরকারের অনেকগুলো কর্মসূচি নিয়ে কাজ করছি। এতে আমাদের ওপর কাজের চাপ বেড়ে গেছে। সে জন্য বেতনকাঠামো যৌক্তিক করে তোলা জরুরি হয়ে পড়েছে।’