ভারতে ব্যান্ডউইট্থ রপ্তানি আবার পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যে ব্যান্ডউইট্থ রপ্তানি আবার পিছিয়েছে। আজ মঙ্গলবার থেকে এ রপ্তানি শুরু হওয়ার কথা থাকলেও রপ্তানিকারক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) রপ্তানি পেছানোর বিষয়টি নিশ্চিত করেছে।
বিএসসিসিএলের ডেপুটি জেনারেল ম্যানেজার আবদুল ওয়াহাব প্রথম আলোকে বলেন, ‘ভারত অংশের সংযোগ লাইনের পরীক্ষা-নিরীক্ষার কাজ এখনো শেষ না হওয়ায় রপ্তানির তারিখ পিছিয়ে গেছে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এই রপ্তানি শুরু হবে বলে আমরা আশা করছি।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সময় গত ৫ জুন এ বিষয়ে দুই পক্ষের রপ্তানি চুক্তি হয়েছিল। সে অনুয়ায়ী গত সেপ্টেম্বরের ৫ তারিখে ব্যান্ডউইট্থ রপ্তানি শুরু হওয়ার কথা থাকলেও এখনো তা শুরু হয়নি। এরপর ডিসেম্বর থেকে এ রপ্তানি শুরু হতে পারে বলে বিএসসিসিএল কর্তৃপক্ষ জানিয়েছিল। রপ্তানি শুরুর পরে পরিস্থিতি মূল্যায়ন করে ব্যান্ডউইট্থ বাড়ানোর ব্যবস্থা করা হতে পারে বলেও চুক্তিতে উল্লেখ আছে।
চুক্তি অনুযায়ী, ভারত বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে ১০ জিবিপিএস (গিগা বিট প্রতি সেকেন্ড) ব্যান্ডউইট্থ নেবে। বর্তমানে বিএসসিসিএলের হাতে আছে ২০০ জিবিপিএস ব্যান্ডউইট্থ। এর মধ্যে দেশে ব্যবহৃত হচ্ছে মাত্র ৪৩ জিবিপিএস।