ভারতে ব্যাপক বাণিজ্য ঘাটতির মধ্যেও সোনা আমদানি বাড়ছে
ভারতে ব্যাপক হারে বাণিজ্য ঘাটতি বাড়ছে। তা সত্ত্বেও সোনার আমদানি বেড়ে গেছে। গত এপ্রিল মাসে ভারতে চার হাজার ১৯৫ কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি হয়েছে। এর বিপরীতে রপ্তানি হয়েছে দুই হাজার ৪১৬ কোটি ডলারের পণ্য। এতে আলোচ্য মাসে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৭৭৯ কোটি ডলার, যা আগের মাসের এক হাজার ৩০ কোটি ডলারের চেয়ে ৭৪৯ কোটি ডলার বা ৭২ দশমিক ৭১ শতাংশ বেশি।গত বছরের এপ্রিলের তুলনায় এবার একই সময়ে আমদানি ১০ দশমিক ৯ শতাংশ ও রপ্তানি ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে।এপ্রিলে ভারতে ৭৫০ কোটি ডলারের সোনা আমদানি হয়েছে, যা গত বছরের একই সময়ের ৩১০ কোটি ডলারের চেয়ে ১৩৮ শতাংশ বেশি।বাণিজ্যে ঘাটতি কমানোর লক্ষ্যে কেন্দ্রীয় সরকার সোনা আমদানির ওপর গত জানুয়ারি মাসে শুল্ক বাড়ালেও আন্তর্জাতিক বাজারে দাম কমায় এবং স্থানীয়ভাবে প্রচুর চাহিদা থাকায় পণ্যটির আমদানি ব্যাপক হারে বেড়েছে।ভারতের বৈদেশিক বাণিজ্যের প্রধান অনুপ পূজারি বলেছেন, বিপুল পরিমাণে সোনার আমদানি ঠেকাতে সরকার নতুন করে শুল্ক আরোপ করলেও আমদানিকারকেরা সেটির তোয়াক্কা করেননি। অনুপ পূজারি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে দাম পড়ে যাওয়ায় তাঁরা ব্যাপক হারে সোনা আমদানি করেছেন। এতে বাণিজ্য ঘাটতি বেড়ে গেছে।