ভারতে মার্চে আমদানি ও রপ্তানি কমেছে
ভারতে গত মার্চ মাসে আগের বছরের একই সময়ের তুলনায় সার্বিকভাবে আমদানি ব্যয় ২ দশমিক ১১ শতাংশ ও রপ্তানি আয় ৩ দশমিক ১৫ শতাংশ কমেছে। বিজনেস স্ট্যান্ডার্ড।
তবে তেল বাদ দিলে দেশটির অন্যান্য পণ্যের আমদানি ১২ শতাংশ কমেছে। শিল্পোৎপাদন অব্যাহতভাবে মন্থর হয়ে পড়ায় এমনটি ঘটেছে।
গোটা ২০১৩-১৪ অর্থবছরের (এপ্রিল ১-মার্চ ৩১) হিসাবে রপ্তানি খাতে আয় হয়েছে ৩১ হাজার ২৩৫ কোটি ডলার, যা ৩২ হাজার ৫০০ কোটি ডলারের চেয়ে এক হাজার ২৬৫ কোটি ডলার কম। তবে এই আয় আগের অর্থবছরে ৩০ হাজার ৪০ কোটি ডলারের চেয়ে ৪ শতাংশ বেশি।
কেন্দ্রীয় সরকারের বাণিজ্য বিভাগ গত শুক্রবার এসব তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয়, আলোচ্য বছরে আমদানি ব্যয় কমে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৯২ কোটি ডলারে, যা আগের ২০১২-১৩ অর্থবছরে ছিল ৪৯ হাজার ৭৩ কোটি ডলার।
সদ্যসমাপ্ত অর্থবছরে দেশটির বাণিজ্য ঘাটতির পরিমাণ ২৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৬০ কোটি ডলারে।