ভারতে মূল্যস্ফীতি কমেছে, বেড়েছে যুক্তরাজ্যে
বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারতে নভেম্বর মাসে মূল্যস্ফীতির হার খানিকটা কমেছে। অন্যদিকে একই সময় যুক্তরাজ্যে মূল্যস্ফীতির হার বেড়ে গেছে।যুক্তরাজ্যে মূল্যস্ফীতির হার নভেম্বর মাসে বেড়ে ৩ দশমিক ৩০ শতাংশে উন্নীত হয়েছে, যেখানে অক্টোবরে এই হার ছিল ৩ দশমিক ২০ শতাংশ।ভোক্তা মূল্যসূচকের ভিত্তিতে নির্ণীত মূল্যস্ফীতির হারের ঊর্ধ্বমুখী প্রবণতার পেছনে খাদ্য, পোশাক ও আসবাবপত্রের দর বৃদ্ধি ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। এর ফলে দেশটিতে মূল্যস্ফীতির হার সরকারি লক্ষ্যমাত্রা দুই শতাংশের বেশ ওপরই রয়ে গেল।ব্যাংক অব ইংল্যান্ড মনে করছে, আগামী বছরও মূল্যস্ফীতির হার উঁচু পর্যায়ে থাকবে। এ বছর মূল্য সংযোজন করের হার সাড়ে ১৭ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার প্রভাব মূল্যস্ফীতির ওপর পড়বে। তবে লক্ষ্যমাত্রার চেয়ে মূল্যস্ফীতির হার বেশি থাকায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মারভিন কিং-কে চ্যান্সেলরের কাছে চারটি পত্র লিখতে হচ্ছে। ভারত: অন্যদিকে নভেম্বর মাসে ভারতে মূল্যস্ফীতির হার কিছুটা হ্রাস পেয়েছে। পাইকারি মূল্যসূচকের ভিত্তিতে নির্ণীত মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৪৮ শতাংশ, যা অক্টোবর মাসে ছিল ৮ দশমিক ৫৮ শতাংশ।খাদ্য ও জ্বালানি তেলের দর বেড়ে যাওয়ার প্রভাবে চলতি বছরের মে মাসে দেশটিতে মূল্যস্ফীতির হার ১০ দশমিক ১৬ শতাংশে উন্নীত হয়, যা ছিল গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ।মূল্যস্ফীতি নিম্নমুখী হওয়ায় সুদের হার আপাতত না বাড়ানোর দিকেই মনোযোগ দেবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে ভারতে রিভার্স রেপোর হার ৬ দশমিক ২৫ শতাংশ। এটি হলো সেই সুদের হার, যার বিনিময়ে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে অর্থ ঋণ দেয়।রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার একজন মুখপাত্র বলেছেন, চলতি অর্থবছরের শেষে (যা ২০১১ সালের মার্চ মাসে শেষ হবে) এসে মূল্যস্ফীতির হার সাড়ে পাঁচ শতাংশে থাকবে বলে তাঁরা আশাবাদী। সূত্র: বিবিসি।