ভারতে মূল্যস্ফীতি কিছুটা কমেছে
ভারতে ফেব্রুয়ারিতে হোলসেল ইনফ্লেশন বা পাইকারি মূল্যস্ফীতি (ডব্লিউপিআই) কমেছে।
এ মাসে দেশটিতে মূল্যস্ফীতি কমে ৪ দশমিক ৬৮ শতাংশে নেমে এসেছে। আর এটি হলো দেশটিতে গত নয় মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি।
আগের মাস অর্থাৎ জানুয়ারিতে ডব্লিউপিআই ছিল ৫ শতাংশের কিঞ্চিৎ ওপরে।
আলোচ্য মাসে, বিশেষ করে খাদ্যপণ্য ও জ্বালানি তেলের দাম কমার ফলেই মূলত সার্বিক মূল্যস্ফীতি নিম্নগামী হয়েছে। এ মাসে খাদ্য মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ১২ শতাংশে নেমেছে, যা আগের মাস জানুয়ারিতে ছিল ৮ দশমিক ৮০ শতাংশ।
পর্যবেক্ষকেরা বলছেন, ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) গভর্নর রঘুরাম রাজন দায়িত্ব নেওয়ার পর থেকে দফায় দফায় পলিসি রেট বা নীতি-হার বাড়ানোর ফলে মূল্যস্ফীতি কমছে। গত বছরের সেপ্টেম্বরে তিনি আরবিআইয়ের প্রধান হিসেবে দায়িত্ব নেন এবং ছয় মাসে এ পর্যন্ত তিনবার নীতি-হার বাড়িয়েছেন।
তবে কোনো কোনো নীতিনির্ধারক ও অর্থনীতি বিশ্লেষক অবশ্য মনে করেন যে ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) দিকে খেয়াল রেখেই আরবিআই আগামী ১ এপ্রিল নতুন মুদ্রানীতি ঘোষণা করবে। সূত্র: বিজনেস লাইন