ভারতে মূল্যস্ফীতি বেড়েছে
ভারতে মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেড়েছে। দেশটিতে গত সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৭ দশমিক ৮১ শতাংশে উঠেছে, যা চলতি বছরের গত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছিল, মূল্যস্ফীতি ৭ দশমিক ৭ শতাংশ হতে পারে।গতকাল সোমবার এই উপাত্ত প্রকাশ করা হয়। মূল্যস্ফীতি বাড়ার কারণে দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) নীতিনির্ধারণী সুদের হার কাটছাঁট করার সম্ভাবনা কমে গেছে বলে মনে করা হচ্ছে। চলতি অক্টোবর মাসের শেষ দিকে আরবিআইয়ের বৈঠকে বসার কথা রয়েছে।নাটকীয়ভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়ার পরিস্থিতিতে দেশটির ব্যবসায়ী সম্প্রদায় সুদের হার কমানোর দাবি জানিয়ে আসছে।ভারতে গত আগস্ট মাসে মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ৫৫ শতাংশ। এই হার জুলাইয়ে ছিল ৬ দশমিক ৮৭ শতাংশ। এটি ছিল দেশটিতে গত তিন বছরের সর্বনিম্ন মূল্যস্ফীতি। সূত্র: এএফপি ও রয়টার্স