ভারতে মূল্যস্ফীতি ১০ মাসের মধ্যে সর্বোচ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি ভারতে মূল্যস্ফীতি বেড়ে ১০ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। দেশটির নীতিনির্ধারকেরা যখন প্রবৃদ্ধি বাড়ানোর প্রচেষ্টায় রত, তখনই মূল্যস্ফীতি আরও ঊর্ধ্বমুখী হলো।দেশটিতে খুচরা দামের সূচক আগের বছরের একই সময়ের চেয়ে গত অক্টোবরে বেড়ে ৭ দশমিক ৪ শতাংশে উন্নীত হয়েছে। ভারতে খুচরা দামের সূচক দিয়েই মূল্যস্ফীতি নির্ণয় করা হয়।বিশ্লেষকেরা মনে করেন, মূল্যস্ফীতি বাড়ার কারণে কেন্দ্রীয় ব্যাংক স্বল্প মেয়াদে সুদের হার বর্তমান অবস্থায় অর্থাৎ অপরিবর্তিত রাখবে।অন্যদিকে অর্থনীতিতে প্রবৃদ্ধি বাড়ানোর লক্ষ্যে ঋণের সুদের হার কমানোর চাপে রয়েছে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। সে অনুযায়ী আরবিআই এরই মধ্যে বলে দিয়েছে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাকেই তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। খবর বিবিসির।এদিকে ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে আগস্ট মাসের সংশোধিত মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ শতাংশ, যা এর আগে ৭ দশমিক ৫৫ শতাংশে প্রাক্কলন করা হয়েছিল। বর্তমান প্রবণতায় মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখীই থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে আমাদের কলকাতা প্রতিনিধি জানান, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে চাল-ডাল, আটা-ময়দা, তেল, আলু-পেঁয়াজ, মাছসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে। এতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ, বিশেষ করে খেটে খাওয়া লোকজন। পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি পেঁয়াজ চাষের জন্য প্রসিদ্ধ পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় এর চাষাবাদ বাড়াতে বলেছেন।ব্যবসায়ীরা জানান, এখন পেঁয়াজের মৌসুম নয়। এই রাজ্যে পেঁয়াজ আসে মহারাষ্ট্রের নাসিক ও কর্ণাটক থেকে। কিন্তু সেখান থেকে পেঁয়াজ কম আসায় দাম বেড়েছে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।কলকাতা ও এর আশপাশের বাজারগুলোতে বর্তমানে প্রতি কেজি ভালো মানের চাল ২৫ থেকে ৩৫ রুপি, আটা ১৯, ময়দা ২১, চিনি ৪০, সরিষার তেল ১০৫, সয়াবিন ৭৮ থেকে ৮০, মসুর ডাল ৭৫, মুগ ডাল ৯৫ থেকে ১১০, ছোলা ৭০ ও মটর ডাল ৪৫ রুপি দরে বিক্রি হচ্ছে।প্রতি কেজি পেঁয়াজ ২৪ থেকে ২৮ রুপি, আলু ১৫, কাঁচা মরিচ ৪০, টমেটো ৩০, আদা ৫০, পেঁপে ৪০ ও সিঙ্গাপুরি কলা প্রতি ডজন ৪০ রুপি দরে বিক্রি হচ্ছে। মাছের মধ্যে দুষপ্রাপ্য ইলিশ ৫০০ থেকে ৮০০ রুপি, রুই ১৭০, কাতলা ২৫০, ভেটকি ২৫০ থেকে ২৮০, আইড় ২৫০, পাবদা ২৫০ থেকে ৩০০, গলদা চিংড়ি ৩০০ ও বাগদা চিংড়ি ৪০০ রুপি কেজি দরে বিক্রি হচ্ছে।ফলের বাজারে প্রতি কেজি আপেল ১০০ রুপি, নাশপাতি ১০০ ও বেদানা ১৫০ রুপিতে বিক্রি হচ্ছে।