ভারতে যাত্রীবাহী গাড়ি বিক্রি কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বাজারে সাত মাস ধরেই যাত্রীবাহী গাড়ির বিক্রি কমছে। সর্বশেষ মে মাসে আগের বছরের একই সময়ের তুলনায় গাড়ি বিক্রি কমেছে ১২ দশমিক ৫ শতাংশ।

বিশেষ করে টাটা মোটরসের বিভিন্ন গাড়ির বিক্রি কমেছে ৪৬ শতাংশের বেশি। এই অবস্থায় কোম্পানিটি তাদের অন্তত পাঁচটি মডেলে পরিবর্তন আনছে। মডেলগুলো হচ্ছে ন্যানো, ইন্ডিকা, ইন্ডিগো, সাফারি ও সুমো। আগামী তিন মাসের মধ্যেই ওই পাঁচটিসহ নতুন আটটি মডেলের গাড়ি বাজারে ছাড়বে টাটা। টাটা মোটরসের ব্যবস্থাপনা পরিচালক কার্ল স্নিম জানান, ক্রেতাদের আকৃষ্ট করতেই তাঁদের এই উদ্যোগ। এই পরিকল্পনার আওতায় কোনো মডেলের গাড়ির ইঞ্জিন বদলানো হবে, কোনোটির গিয়ার বক্স ও স্টিয়ারিংকে নতুন রূপ দেওয়া হবে। এ ছাড়া ন্যানো, ইন্ডিকা ও ইন্ডিগো গাড়ির সিএনজি সংস্করণও আনা হবে বাজারে। এদিকে টাটা ব্যাপক প্রচার চালিয়েও দেশীয় বাজারে সস্তা দামের ন্যানো গাড়ি দিয়ে মধ্যবিত্ত ক্রেতাদের সেভাবে আকৃষ্ট করতে পারেনি।