ভারতে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক পানি সংরক্ষণাগার
যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান আলাস্কার নীল হ্রদের পানি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রপ্তানির পরিকল্পনা করেছে। এই লক্ষ্যে প্রতিষ্ঠানটি ভারতের পশ্চিম উপকূল, বিশেষ করে মুম্বাইয়ের আশপাশে একটি পানি সংরক্ষণাগার প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছে। খবর পিটিআইর।‘সান অ্যান্টোনিও’ নামের টেক্সাসভিত্তিক এ প্রতিষ্ঠানটি ভারতের পশ্চিম উপকূলে প্রতিষ্ঠিত এ পানি সংরক্ষণাগার থেকে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি শহরে বছরে এক লাখ ২০ হাজার গ্যালন পানি রপ্তানি করবে। প্রতিষ্ঠানটি আশা করছে, বিশাল নীল হ্রদের আশপাশে মাত্র নয় হাজার মানুষের বসতি থাকায় তারা এই হ্রদের পানির বাণিজ্যিক ব্যবহারে কোনো বিরোধিতার সম্মুখীন হবে না।সান অ্যান্টোনিও আরও জানিয়েছে, আলাস্কার এ নীল হ্রদের পানি খুবই বিশুদ্ধ। এমনকি সরাসরি হ্রদ থেকে উঠিয়েও এ পানি ব্যবহার করা যায়। তাই এ পানি বাণিজ্যিকভাবে খুবই অল্প বিনিয়োগে বোতলজাত করে রপ্তানি করা যেতে পারে।প্রতিষ্ঠানটির তরফ থেকে এ ব্যাপারে বিস্তারিত পরিকল্পনাও প্রণয়ন করা হয়েছে। প্রথমে তারা নীল হ্রদ থেকে পানি কনটেইনারজাত করে ভারতের পশ্চিম উপকূলে পানি সংরক্ষণাগারে পাঠাবেন। সেখান থেকে জাহাজে করে সেই পানি পাঠানো হবে মধ্যপ্রাচ্যের কোনো একটি বন্দরে। প্রাথমিকভাবে ইরাকের উম কাসারকে এ ব্যাপারে নির্বাচন করা হয়েছে। তবে ভারতের কোনো বন্দরের কাছাকাছি পানি সংরক্ষণাগার তৈরি হবে সে ব্যাপারে নিরাপত্তার খাতিরে বিস্তারিত কিছু জানাননি সান অ্যান্টোনিওর কর্মকর্তারা। তবে যুক্তরাষ্ট্রের আলাস্কা থেকে ভারতের পশ্চিম উপকূলে পানি নিয়ে আসার যে সময়কাল তাতে পানির গুণগত মান অক্ষুণ্ন রাখার জন্য প্রতিষ্ঠানটি অত্যাধুনিক ‘ওজোনেটিং’ প্রযুক্তি ব্যবহার করবে বলে জানিয়েছে।