ভারতে রপ্তানি বেড়েছে, পাশাপাশি ঘাটতিও
প্রতিবেশী ভারতে বাংলাদেশি পণ্যের রপ্তানি প্রথমবারের মতো ৫০ কোটি ডলার অতিক্রম করেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যান থেকে দেখা যায়, গত ২০১০-১১ অর্থবছরে ভারতে পণ্য রপ্তানি থেকে বাংলাদেশের আয় হয়েছে ৫১ কোটি ২৫ লাখ ডলার, যা ২০০৯-১০ অর্থবছরে ছিল ৩২ কোটি ১০ লাখ ডলার।এই হিসাবে গত অর্থবছরে ভারতে বাংলাদেশের বার্ষিক রপ্তানি ৬০ শতাংশের বেশি বেড়েছে।অবশ্য রপ্তানি বাড়ার পাশাপাশি ভারত থেকে আমদানিও ব্যাপক বেড়েছে। এর ফলে দ্বিপক্ষীয় বাণিজ্যে ঘাটতিও বেড়ে গেছে।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায়, গত অর্থবছরে ভারত থেকে বাংলাদেশ ৪৫০ কোটি ডলারের বেশি পণ্যসামগ্রী আমদানি করেছে। এর ফলে এই প্রথমবার ভারত থেকে বার্ষিক আমদানি ৪০০ কোটি ডলার অতিক্রম করল।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুসারে, গত অর্থবছরে ভারত থেকে পণ্য আমদানির জন্য ব্যয় করতে হয়েছে ৩২ হাজার ৪৭৭ কোটি টাকা বা প্রায় ৪৫৭ কোটি ডলার (প্রতি ডলার ৭১ টাকা ধরে)। আর ২০০৯-১০ অর্থবছরে ভারত থেকে আমদানির পরিমাণ ছিল ৩২০ কোটি ২১ লাখ ডলার। সে হিসাবে গত অর্থবছরে ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানি প্রায় ৪৩ শতাংশ বেড়ে গেছে।এর ফলে দ্বিপক্ষীয় বাণিজ্যে ঘাটতিও প্রথমবারের মতো ৪০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। অবশ্য ভারত-বাংলাদেশের গত অর্থবছরের আমদানি ও রপ্তানির এই পরিসংখ্যান প্রাক্কলিত। চূড়ান্ত হিসাব আর কিছুদিন পর জানা যাবে।পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, ১০ বছরের মধ্যে শুধু ২০০৮-০৯ অর্থবছরে ভারতে বাংলাদেশি পণ্যের রপ্তানি কমে গিয়েছিল। আবার একই বছর ভারত থেকে আমদানিও হ্রাস পায়।গত অর্থবছরে আমদানি ও রপ্তানি দুইই উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ার ফলে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫০০ কোটি ডলারে উন্নীত হলো।নানা ধরনের অশুল্ক বাধা সত্ত্বেও ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের চাহিদা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে রপ্তানি। বাংলাদেশি রপ্তানিকারক ও ব্যবসায়ীরা মনে করেন, অশুল্ক বাধা অপসারণ বা কমানো গেলে ভারতে বাংলাদেশের রপ্তানি আরও বাড়বে এবং অল্প সময়ের মধ্যেই তা শত কোটি ডলারে উন্নীত হতে পারে।অশুল্ক বাধাগুলো কমাতে এ বছর মে মাসে মেট্রোপলিট্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ভারত সরকারের কাছে তিনটি বিশেষ প্রস্তাব দিয়েছে। এগুলো হলো: পণ্যের চালান পরীক্ষায় দৈবচয়ন ব্যবস্থা চালুকরণ, পণ্যমান পরীক্ষার প্রতিবেদনের ইলেকট্রনিক অনুলিপি গ্রহণ এবং অধিকতর পণ্যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সনদ গ্রহণ।এমসিসিআই বলেছে, ভারতীয় শুল্ক কর্তৃপক্ষ খাদ্যপণ্য, প্রসাধন, চামড়াজাত পণ্য ও তৈরি পোশাকের মান পরীক্ষার জন্য দৈবচয়ন করে চালান নির্ধারণ করে পরীক্ষার জন্য পাঠাতে পারে। এতে করে সময় কমার পাশাপাশি রপ্তানিকারকদের হয়রানিও কমবে।আবার ভারতীয় পরীক্ষাগারে পাঠানোর পর তার ফলাফল বা প্রতিবেদন পেতে ১৫ থেকে ৩০ দিন পর্যন্ত সময়ও লেগে যায়। কেননা, বিভিন্ন স্থলবন্দর থেকে পরীক্ষাগারগুলো অনেক দূরে। আর পরীক্ষার প্রতিবেদন ডাকযোগে শুল্ক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। এই সময় কমানোর জন্য পরীক্ষাগার থেকে ফ্যাক্স বা ই-মেইলে প্রতিবেদন পাঠানোর এবং শুল্ক কর্তৃপক্ষ যেন এই ইলেকট্রনিক প্রতিবেদন গ্রহণ করে, তার সুপারিশ করেছে এমসিসিআই। এ ছাড়া বর্তমানে ভারত সরকার বিএসটিআই অনুমোদিত ১০টি পণ্যকে সরাসরি গ্রহণ করছে। এর মধ্যে আছে সিমেন্ট, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য ইত্যাদি। এমসিসিআই এ ধরনের পণ্যের সংখ্যা আরও বাড়ানোর অর্থাৎ অধিক পণ্যে বিএসটিআইর অনুমোদন বা সনদ মেনে নেওয়ার জন্য ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে।ইতিমধ্যে ভারতীয় কারিগরি সহযোগিতায় বিএসটিআইর সক্ষমতা ও দক্ষতা উন্নয়নের কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশি পণ্যের জন্য বিএসটিআইর মানসনদ ভারতে অধিকতর গ্রহণযোগ্য হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন। আবার ভারত যেসব অশুল্ক বাধা আরোপ করে, তার কোনো কোনোটি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিধিবিধানের সঙ্গে অসংগতিপূর্ণ না হওয়ায় সেগুলোকে অবৈধ বলার কোনো সুযোগ নেই। তবে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আসন্ন বাংলাদেশ সফরে (৬-৭ সেপ্টেম্বর) দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে অশুল্ক বাধা অপসারণের বিষয়ে অর্থবহ কিছু পদক্ষেপ আশা করছেন রপ্তানিকারকেরা। এ বছরের জুলাই মাসেই আরেক বিবৃতিতে এমসিসিআই ভারতীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকালে বাংলাদেশি পণ্যের প্রবেশের ক্ষেত্রে শুল্ক, আধা-শুল্ক ও অশুল্ক বাধা দূরীকরণের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে বলে প্রত্যাশা ব্যক্ত করে।