ভারতে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ঠিক করবে ডিজেলের দাম
ভারতে এখন থেকে ডিজেলের দাম নির্ধারণ করবে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো।কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বৈঠকে গতকাল বৃহস্পতিবার সরকার ডিজেলের দাম নির্ধারণের দায়িত্ব রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর আগে পেট্রলের দাম নির্ধারণের দায়িত্বও দেওয়া হয় সরকারি তেল কোম্পানিগুলোকে।সরকারের এ সিদ্ধান্তের ফলে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো আন্তর্জাতিক বাজারদরের ওপর ভিত্তি করে এখন থেকে ডিজেলের দাম বাড়াবে-কমাবে। মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী বীরাপ্পা মইলি। তিনি বলেছেন, পেট্রলের মতো এবার ডিজেলের দামও নিয়ন্ত্রণ করবে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো।মন্ত্রী আরও জানান, এখন থেকে প্রতিবছর ভর্তুকি মূল্যে ছয়টির পরিবর্তে নয়টি রান্নার গ্যাস সিলিন্ডার পাবেন গ্রাহকেরা।প্রসঙ্গত, প্রতি লিটার ডিজেলে এখন কেন্দ্রীয় সরকার ৯.৬০ টাকা ভর্তুকি দিচ্ছে। এদিকে কেন্দ্রীয় সরকার ডিজেলের দাম নির্ধারণের দায়িত্ব রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর হাতে ছেড়ে দেওয়ার ঘোষণা দেওয়ায় ক্ষুব্ধ হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। বিজেপি, বাম দল, তৃণমূল কংগ্রেস সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করে বলেছে, এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির পাশাপাশি বাস ও রেলসহ অন্যান্য পরিবহনের ভাড়ার ওপর প্রভাব পড়বে।