ভারতে শিল্পমেলায় ‘হিট’ বাংলাদেশের প্যাভিলিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের জামশেদপুরে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ‘ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ফেয়ার’। ১০ দিনের এ শিল্পমেলায় রয়েছে একটি বাংলাদেশ প্যাভিলিয়ন। এ প্যাভিলিয়নে থাকা বাংলাদেশের স্টলগুলো এরই মধ্যে বিশেষ নজর কেড়েছে ভারতীয়দের।এমন তথ্যই দিয়েছে ভারতীয় পত্রিকা টাইমস অব ইন্ডিয়া। গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি প্রতিবেদন করেছে পত্রিকাটি।কলকাতাভিত্তিক বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং জিএস মার্কেটিং অ্যাসোসিয়েটস যৌথভাবে প্রথমবারের মতো জামশেদপুরে এ মেলার আয়োজন করেছে। ঝাড়খন্ড রাজ্যের শিল্পসচিব এ পি সিং মেলার উদ্বোধন করেন। মেলা চলবে ২৫ এপ্রিল পর্যন্ত।টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মেলা প্রাঙ্গণের ডান পাশে বাংলাদেশের প্যাভিলিয়নটি স্থাপন করা হয়েছে। এতে ঠাঁই পেয়েছে বাংলাদেশের তৈরি পোশাক, হস্তশিল্পজাত পণ্য, রান্নাঘরে ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম। এ ছাড়া রয়েছে একটি ‘ফুডকোর্ট’, মেলার দ্বিতীয় দিন থেকেই যা দর্শনার্থীদের পদচারণে মুখর।বাংলাদেশি প্যাভিলিয়নের যে পণ্যটি ক্রেতার নজর সবচেয়ে বেশি কেড়েছে তা হলো শাড়ি। বাংলাদেশের বাইরে পূর্ব ভারতের কয়েকটি অঞ্চলেও এ শাড়ি বেশ জনপ্রিয়।টাইমস অব ইন্ডিয়াকে ঢাকাই মুসলিম হাউস জামদানির মুজিবুর রহমান বলেন, ‘এ স্টলে আসা লোকেরা দেশে আমাদের জামদানি শাড়ির খোঁজখবর নিচ্ছেন। আন্তর্জাতিক মেলাগুলোতে জামদানি শাড়ির চাহিদা সব সময়ই বেশি থাকে। এর আগে কোচবিহার, কলকাতা এবং দিল্লিতে মেলায় অংশ নিয়ে ভালো ব্যবসা করেছিলাম। আশা করছি, এখানে বেশ ভালো ব্যবসা হবে।’ভারতীয় ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে মণিপুরি তাঁতের শাড়িও। যাঁরা বাংলাদেশি প্যাভিলিয়নের স্টলগুলোতে এ শাড়ি দেখছেন, তাঁরা এর দামও জেনে নিচ্ছেন।একটি স্টলের বিক্রেতা নূর হোসেন বলেন, একেক ধরনের মণিপুরি শাড়ির দাম একেক রকম। তবে সাধারণের হাতের নাগালের মধ্যে আছে। মেলায় সিল্কের শাড়ি ও বুটিকের পোশাক এবং হস্তজাত পণ্যের স্টলগুলোতে এখনো বিক্রি তেমন না হলেও আশাহত হচ্ছেন না সেসব স্টল-সংশ্লিষ্ট ব্যক্তিরা।রান্নার সরঞ্জাম প্রদর্শনকারী একটি স্টলের বিক্রেতা বলেন, ‘আমরা ক্রেতাদের কোনো বিশেষ অফার দিচ্ছি না। তবে কেউ যদি একসঙ্গে অনেক পণ্য কেনেন, তাঁদের ছাড় দিচ্ছি।’