ভারতে সার্ভার সমস্যায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হিলি স্থলবন্দর। ছবি: ফাইল ছবি
দিনাজপুরের হিলি স্থলবন্দর। ছবি: ফাইল ছবি

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় হিলি স্থলবন্দর দিয়ে আজ সোমবার সকাল থেকে ভারত বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। ভারতের কাস্টমসে সার্ভার বিকল হওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানান আমদানিকারকেরা।

হিলি স্থল বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানান, গতকাল রোববার সন্ধ্যার পর থেকে হিলি কাস্টমসের সঙ্গে ভারতের মালদাহ, কলকাতা ও দিল্লির সার্ভার সংযোগ বন্ধ হয়ে যায়। তারপর থেকে বাংলাদেশে পণ্য রপ্তানি নিয়ে বিড়ম্বনায় পড়েন ভারতের রপ্তানিকারকেরা। তবে হিলি স্থলবন্দরের পানামা পোর্টে আমদানি পণ্যের লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক রয়েছে। হিলি চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

হিলি কাস্টমসের সহকারী কমিশনার মো. আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থলবন্দরের ভারত অংশে সার্ভারে সমস্যা হওয়ার কারণে সাময়িকভাবে এই জটিলতা সৃষ্টি হয়েছে। ভারত কর্তৃপক্ষ সমাধানের চেষ্টা চালাচ্ছে। আজ সকালে একটি ট্রাক এসেছিল তারপর থেকে আর কোনো মালবাহী ট্রাক আসেনি।’