ভারতে সৌরবিদ্যুৎ চালিত মোটরগাড়ি আনছে মাহিন্দ্র
পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ-চালিত সবুজ মোটরগাড়ি বানিয়েছে ভারতের নামী গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান মাহিন্দ্র অ্যান্ড মাহিন্দ্র লিমিটেড। গাড়ির নাম দেওয়া হয়েছে গ্রিন মাহিন্দ্র রেভা-এনএক্সআর। গাড়িটিতে রয়েছে দুটি দরজা। গাড়িটি চলবে সৌরবিদ্যুতে। গাড়ির ছাদে থাকছে সোলার প্যানেল। একবার চার্জ দিলে ১০০ কিলোমিটার চলবে। এই গাড়িটি বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় নতুন ও নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী ফারুক আবদুল্লাহ নিজে চালিয়ে যোগ দেন প্রধানমন্ত্রীর সচিবালয়ে মন্ত্রিপরিষদের এক বৈঠকে। গাড়িটি দেখে ছুটে আসেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জি, তথ্য ও সম্প্রচারমন্ত্রী অম্বিকা সোনি, ভারতের পরিকল্পনা কমিশনের ভাইস চেয়ারম্যান মন্টেক সিং আলুওয়ালিয়া প্রমুখ। প্রণব মুখার্জি গাড়িতে উঠেও বসেন। গাড়ি নির্মাতা মাহিন্দ্রর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিওয়ালির আগেই এই পরিবেশবান্ধব গাড়িটি বাজারে ছাড়া হচ্ছে। যদিও দিল্লিতে সম্প্রতি অনুষ্ঠিত অটো এক্সপোতে প্রদর্শিত হয়েছে এই গাড়ি।