ভারতে হঠাৎ পাটপণ্য রপ্তানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.
ভারতের পাট কমিশনের নতুন আদেশের জের
কড়া শর্তের কারণে ভারতের আমদানিকারকেরা বাংলাদেশ থেকে পাটপণ্য আমদানি বন্ধ করে দিয়েছেন। তাঁরা এ দেশের পাটকলগুলোকে ১০০ কোটি রুপি অগ্রিম দিয়ে রেখেছেন। দেশের পাটকলমালিকেরাও ৫০ কোটি রুপির পণ্য বাকিতে রপ্তানি করেছেন। ৪০০ কোটি রুপির পাটপণ্যের অর্ডার রয়েছে। সবটাই এখন ঝুলে গেল

হঠাৎ করেই ভারতের আমদানিকারকেরা বাংলাদেশ থেকে পাটপণ্য আমদানি বন্ধ করে দিয়েছেন। কারণ, সে দেশের বস্ত্র মন্ত্রণালয়ের আওতাধীন পাট কমিশন গত বৃহস্পতিবার এক আদেশে তাঁদের সবার লাইসেন্স বাতিল করে দিয়েছে। সঙ্গে পাটপণ্য আমদানিতে আরোপ করেছে বেশ কিছু কড়া শর্তও।

দেশের কাঁচা পাট এবং পাটপণ্যের রপ্তানিকারকদের দাবি, বৃহস্পতি, শুক্র ও শনিবার বেনাপোলসহ কয়েকটি স্থলবন্দর থেকে ১০০-১২০টি পাটপণ্যবাহী ট্রাক ভারতে ঢুকতে না দিয়ে ফেরত পাঠানো হয়েছে।
দেশের পাটকলমালিকদের অনেকে বাকিতে ভারতে পণ্য রপ্তানি করেছেন। ভারতের অনেক আমদানিকারকও এ দেশের পাটকলমালিকদের অগ্রিম অর্থ দিয়ে রেখেছেন। পাট কমিশনের হঠাৎ সিদ্ধান্তে দুটিই আটকে গেল।
কলকাতাকেন্দ্রিক ভারতের জুট প্রোডাক্টস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সচিব ঋষি জালান টেলিফোনে প্রথম আলোকে জানান, ভারতের আমদানিকারকেরা বাংলাদেশের পাটকলমালিকদের অন্তত ১০০ কোটি রুপি অগ্রিম দিয়ে রেখেছেন। বাংলাদেশের পাটকলমালিকেরাও অন্তত ৫০ কোটি রুপি মূল্যের পাটপণ্য বাকিতে রপ্তানি করেছেন। তিনি জানান, বর্তমানে ৪০০ কোটি রুপি মূল্যের পাটপণ্যের অর্ডার রয়েছে। সবটাই এখন ঝুলে গেল।
দেশের বেসরকারি পাটকলমালিকদের সংগঠন বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের (বিজেএমএ) সচিব এ বারিক খান প্রথম আলোকে বলেন, ভারতের পাট কমিশনের আদেশে যে অবস্থার সৃষ্টি হলো, তা কাটতে অন্তত ছয় মাস লেগে যাবে। এতে পাটপণ্যের রপ্তানি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। অনেক পাটকলও বন্ধ হয়ে যেতে পারে।
ভারতের পাট কমিশন বৃহস্পতিবার তাদের আমদানিকারকদের উদ্দেশে একটি আদেশ জারি করে। তাতে বলা হয়, পাটপণ্য আমদানিকারকদের নতুন ফরমে আবার লাইসেন্স নিতে হবে। এমনকি তিনি যাঁদের কাছে তা বিক্রি করবেন, তাঁকেও লাইসেন্স নিতে হবে। এখন থেকে প্রতিটি চালান আমদানির আগেই কমিশন থেকে এনওসি (অনুমতিপত্র) নিতে হবে। আমদানি করা কাঁচা পাট কিংবা পাটসুতা দিয়ে বস্তা তৈরি করা যাবে না।
ভারতের জুট প্রোডাক্টস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন বলছে, পাট কিংবা সুতা আমদানি করে যদি বস্তাই তৈরি করা না যায়, তাহলে তা আমদানি করা হবে কেন?
ঋষি জালানের দেওয়া তথ্যমতে, ভারতের খাদ্যশস্যের মোড়কীকরণে ১২৫ লাখ বেল পাটের বস্তা প্রয়োজন। কিন্তু তাঁদের পাটকলগুলোর সক্ষমতাই হলো ২৫ লাখ বেল বস্তা। আমদানি না হলে এই চাহিদা পূরণ হবে কীভাবে? প্রশ্ন রাখেন তিনি।
দেশের পাট খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ভারতের পাট কমিশন সুকৌশলে বাংলাদেশের পাটপণ্যের রপ্তানি বন্ধ করল। আদেশের কোথাও ‘রপ্তানি নিষিদ্ধ’ কিংবা ‘বাংলাদেশ’ উচ্চারণ করা হয়নি। কিন্তু আদেশটি পুরোপুরি বাংলাদেশকেন্দ্রিক। কারণ, ভারতে যত পাট ও পাটপণ্য রপ্তানি হয়, তার বেশির ভাগই যায় বাংলাদেশ থেকে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ থেকে ৮৬ কোটি ৮৫ লাখ ডলারের কাঁচা পাট ও পাটপণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে ভারতেই রপ্তানি হয়েছে ১০ কোটি ৪৪ লাখ ডলারের পণ্য, যা মোট রপ্তানির ১২ শতাংশ। বাংলাদেশ থেকে ভারতে বেশি রপ্তানি হয় বস্তা। এ দেশ থেকে যত বস্তা গত বছর রপ্তানি হয়েছে, তার ২৪ শতাংশই গেছে ভারতে।
ভারত-বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যে বাংলাদেশ বরাবরই ঘাটতির মধ্যে থাকে। পরিমাণও কম নয়। গত বছর দুই দেশের মধ্যে ৬৫০ কোটি ডলারের বাণিজ্য হয়েছে। বাংলাদেশ রপ্তানি করেছে মাত্র ৫০ কোটি ডলারের পণ্য।
বাংলাদেশ জুট গুডস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি কামরান উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ ভারতে যত রপ্তানি করে, তার পাঁচ ভাগের এক ভাগই আসে পাট থেকে। সেটাই বন্ধ হয়ে গেল। এখন তো ঘাটতি আরও বাড়বে।’ তাঁর পরামর্শ, ইতিমধ্যে কার্যাদেশ হওয়া পাটপণ্যগুলো ভারত নিক। জানুয়ারি থেকে নতুন নিয়ম চালু করুক। এই সময়ের মধ্যে ভারতের আমদানিকারকেরাও নতুন লাইসেন্স করে ফেলবেন।
খোঁজ নিয়ে জানা গেল, ভারতের পাটকলমালিকদের সংগঠন ইন্ডিয়ান জুট মিলস অ্যাসোসিয়েশন (আইজেএমএ) এরই মধ্যে বাংলাদেশের পাটপণ্য ভারতে প্রবেশের ক্ষেত্রে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করার জন্য আবেদন করেছে। বিষয়টি পাট কমিশনের বিবেচনায়ও আছে। যেকোনো সময় এ বিষয়েও সিদ্ধান্ত দিতে পারে সংস্থাটি।
ঋষি জালানের অভিযোগ, ভারতের পাটকলমালিকদের একচেটিয়া ব্যবসা করতে দেওয়ার জন্যই এসব করা হচ্ছে। অথচ পুরো ভারতের চাহিদা মেটানোর সক্ষমতা তাঁদের নেই।
তবে যাকেই সুবিধা দেওয়া হোক না কেন, সরকারি পর্যায়ে এখনই ব্যবস্থা নেওয়া না হলে বাংলাদেশি পাটের বড় বাজারে দুর্দিনই আসছে।