ভারতে ২১ দিন পর স্বর্ণালংকারের দোকান খুলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে টানা ২১ দিন পর গত শুক্রবার স্বর্ণালংকার ব্যবসায়ীরা তাঁদের ধর্মঘট তুলে নিয়েছেন। গতকাল শনিবার থেকে তাঁরা আবার দোকান খুলেছেন।সরকার নন-ব্র্যান্ডেড জুয়েলারি বা স্বর্ণালংকারের ওপর থেকে আবগারি শুল্ক প্রত্যাহারের আশ্বাস দেওয়ার পরিপ্রেক্ষিতে স্বর্ণ ব্যবসায়ীরা দেশজুড়ে তিন সপ্তাহ ধরে পালন করে আসা ধর্মঘট প্রত্যাহার করেন।অল ইন্ডিয়া সরাফা অ্যাসোসিয়েশনের সভাপতি শীল চাঁদ জৈন বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘দেশের অধিকাংশ জুয়েলারি দোকানই আজ (শনিবার) সকালে খুলেছে।’মুম্বাইয়ের জাবেরি বাজার ও দিল্লির চাঁদনিচকের পাইকারি ব্যবসায়ীরাও ফিরেছেন স্বাভাবিক ব্যবসায়িক কর্মকাণ্ডে। দিল্লিতে প্রতি ১০ গ্রাম ওজনের স্বর্ণ এদিন ২৮ হাজার ৪১০ রুপি দরে কেনাবেচা হয়েছে।বোম্বে বুলিয়ন অ্যাসোসিয়েশনের সভাপতি পৃথ্বিরাজ কোথারি অবশ্য জানান, তবে মহারাষ্ট্রের স্বর্ণ ব্যবসায়ীরা পূর্বঘোষিত আন্দোলন কর্মসূচিতে যোগ দিতে মুম্বাই যাওয়ায় গতকাল ওই রাজ্যের কোনো কোনো জায়গার ব্যবসায়ীরা দোকান খুলতে পারেননি।এদিকে ২১ দিনের এই ধর্মঘটের কারণে ভারতজুড়ে স্বর্ণ ব্যবসায়ীদের মোট ২০ হাজার কোটি রুপির আর্থিক ক্ষতি হয়েছে। একই সময়ে সরকারও এক হাজার ২০০ কোটি রুপি রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে।স্বর্ণ ব্যবসায়ীরা সরকারকে সতর্ক করে দিয়ে বলেছেন, বাজেটে স্বর্ণ আমদানির ওপর প্রস্তাবিত আবগারি শুল্ক প্রত্যাহার না করা হলে তাঁরা আবারও ধর্মঘট শুরু করবেন। আগামী মাসের শুরুর দিকে এ নিয়ে পার্লামেন্টে আলোচনা হবে।ভারতের কেন্দ্রীয় সরকারের বাজেটে স্বর্ণ আমদানির ওপর শুল্ক আরোপের প্রতিবাদে এর পরদিন ১৭ মার্চ থেকেই অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ট্রেড ফেডারেশনের ডাকে দেশব্যাপী স্বর্ণ ব্যবসায়ীরা ধর্মঘট কর্মসূচিতে অংশ নেন। বাজেটে স্বর্ণ আমদানির ক্ষেত্রে শুল্কহার দুই শতাংশ থেকে বাড়িয়ে চার শতাংশে উন্নীত করার প্রস্তাব রাখা হয়।ভারতে স্বর্ণের ব্যাপক চাহিদা রয়েছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) তথ্যানুযায়ী বিশ্বে স্বর্ণের মোট চাহিদার ৩২ শতাংশ রয়েছে ভারতে। স্বর্ণের মোট বৈশ্বিক চাহিদার ২০ শতাংশ বৃহত্তর চীনে, ১৩ শতাংশ ইউরোপ ও রাশিয়ায়, ১২ শতাংশ মধ্যপ্রাচ্যে, ৮ শতাংশ উত্তর আমেরিকায় এবং ১৫ শতাংশ অবশিষ্ট বিশ্বের।একই সঙ্গে ভারত বিশ্বে সর্বোচ্চ পরিমাণ স্বর্ণের আমদানিকারক। গত ২০১১ সালে দেশটি মোট ৯৩৩ টন স্বর্ণ আমদানি করে।ভারতে সবচেয়ে বেশি পরিমাণে আমদানি হয় জ্বালানি তেল। এর পরই অর্থাৎ দ্বিতীয় বৃহত্তম আমদানি পণ্য হলো স্বর্ণ। এতে দেশটির চলতি হিসাবে ভারসাম্যে ঘাটতি বাড়ে। সে জন্য ভারতের কেন্দ্রীয় সরকার আমদানি কমাতে শুল্ক বাড়ানোর উদ্যোগ নেয়।